স্কুটি চালিয়ে যাচ্ছিলেন যুবক। পিছনে বসেছিলেন স্ত্রী। সন্তান দাঁড়িয়ে ছিল সামনে। এই অবস্থায় সিগারেট খেতে মন চাইলেও খাওয়ার উপায় নেই। মুশকিল আসান করলেন তাঁর স্ত্রীই। জ্বলন্ত সিগারেট নিজের হাতে রাখলেন বধূ। এগিয়ে দিতে থাকলেন স্বামীর মুখের দিকে। যুবকও মনের আনন্দে স্ত্রীর হাত থেকে সুখটান দিতে দিতেই স্কুটি চালালেন। মজার তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ব্যস্ত রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছেন এক যুবক। স্কুটির পিছনে বসে তাঁর স্ত্রী। সন্তান সামনের ফাঁকা জায়গায় দাঁড়িয়ে। কারও মাথাতেই হেলমেট নেই। যুবকের স্ত্রীর এক হাতে একটি কমলা কাপড়ে মোড়া একটি লম্বা দণ্ড রয়েছে। অন্য হাতে সিগারেট ধরা। সময় বুঝে সেই সিগারেট স্বামীর মুখের দিকে এগিয়ে দিচ্ছেন বধূ। যুবকও তাঁর হাত থেকেই সিগারেটে টান দিচ্ছেন। গল্পও করছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আননোন এনটিটি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। অনেকে আবার স্কুটি চালানোর সময় হেলমেট না পরা এবং ও রকম বিপজ্জনক ভাবে সিগারেট খাওয়ার জন্য ওই দম্পতির নিন্দায় সরব হয়েছেন। তবে ওই বধূকে ‘স্বপ্নের স্ত্রী’ আখ্যাও দিয়েছেন অনেকে। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘পারফেক্ট কাপল গোলস। ভাই আপনি জীবনে জিতে গিয়েছেন। এমন স্বপ্নের স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘লজ্জাজনক ঘটনা। স্বামী এবং স্ত্রী, দু’জনেই দায়িত্বজ্ঞানহীন। মাথায় হেলমেট নেই, তার মধ্যেই বিপজ্জনক ভাবে সিগারেট নিয়ে কেরামতি দেখাচ্ছেন। সন্তানের কথা ভাবা উচিত ছিল।’’