সময়ের সঙ্গে সঙ্গে ব্যাগের নকশা, উপকরণেও বদল আসছে। কাপড়ের সঙ্গে কৃত্রিম চামড়া জুড়ে তৈরি করা শৌখিন ব্যাকপ্যাক, টোট ব্যাগ, ল্যাপটপ ব্যাগ এখন বেশ জনপ্রিয়। কিন্তু নিয়মিত ব্যবহার করলে ব্যাগ তো নোংরা হবেই। তা ছাড়া, অসাবধানতায় ব্যাগে দাগ-ছোপও লাগতে পারে। এমন শখের ব্যাগ পরিষ্কার রাখবেন কী করে?
যে হেতু ব্যাগটি পুরোপুরি কাপড়ের নয়, চামড়ার কারুকাজ রয়েছে তাতে, তাই সবশুদ্ধু সাবান জলে ডুবিয়ে, ঘষে পরিষ্কার করা যাবে না। কারণ, কাপড়ে জল দেওয়া গেলেও চামড়া এতে নষ্ট হয়ে যাবে।
আরও পড়ুন:
তাই চামড়া এবং কাপড়ের অংশ পরিষ্কারের জন্য দুই পন্থা। কাপড়ের অংশে দাগ লাগলে, যত দ্রুত সম্ভব পরিষ্কার সুতির কাপড় সাবান জলে ভিজিয়ে ব্যাগের নির্দিষ্ট অংশটি পরিষ্কার করে দিন। সাবান জল ব্যবহারের পর পরিষ্কার জলে কাপড় ভিজিয়ে অংশটি মুছে দিতে হবে। শুকিয়ে নিতে হবে হাওয়ায়।
রোজের যে কোনও ব্যাগ ব্যবহার করলেও সেটি ময়লা হওয়া স্বাভাবিক। সে ক্ষেত্রেও পন্থা এক। তরল সাবান জলে গুলে স্প্রে বোতলে ভরে রাখুন। চামড়ার অংশগুলি বাঁচিয়ে সাবান জল স্প্রে করে কাপড় দিয়ে আলতো ঘষে বা নরম দাঁড়ার ব্রাশ দিয়ে ঘষে নিন। তার পরে পরিষ্কার জলে কাপড় ভিজিয়ে ব্যাগ মুছে শুকিয়ে নিন।
চামড়ার অংশে জল বা সাবান কোনওটাই ব্যবহার করা ঠিক নয়। এই অংশটি পরিষ্কার করতে পারেন নারকেল তেল দিয়ে। কাপড়ে তেল নিয়ে চামড়ার ময়লা অংশগুলি ঘষে দিন। তার পরে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।
তবে ঘন ঘন সাবান জল ব্যবহার করলেও ব্যাগের জেল্লা নষ্ট হতে পারে। শখের ব্যাগ তাই বুঝেশুনে ব্যবহার করা ভাল, বিশেষত যেগুলি পরিষ্কারের ঝঞ্ঝাট রয়েছে।