Advertisement
E-Paper

বিদেশি সব্জি দিয়ে দেশি রান্না, ঘরে ব্রকোলি রাঁধতে পারেন ৫ উপায়ে, রইল মজাদার পদের সন্ধান

বিদেশি সব্জি মানেই বাহারি পদ, প্রচলিত ধারণা এমনই। তাই ব্রকোলি দিয়ে বিদেশি রেসিপিতেই রান্না হয় বেশি। কিন্তু সব সময়ে বিদেশি খাবারে মন ভরে না। অনেকে আবার কেতাদুরস্ত রান্না পারেনও না। সে ক্ষেত্রে দেশি কায়দায় বিদেশি এই সব্জি রেঁধে দেখতে পারেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৫:৩০
ব্রকোলি দিয়ে কী কী পদ রাঁধা যায়?

ব্রকোলি দিয়ে কী কী পদ রাঁধা যায়? ছবি: এআই সহায়তায় প্রণীত।

ব্রকোলি শুনেই মনে হয় ক্রিমি পাস্তা, শেডার স্যুপ, লেমন-রোস্টেড অথবা স্যালাডের কথা। বিদেশি সব্জি মানেই বাহারি পদ, প্রচলিত ধারণা এমনই। কিন্তু সব সময়ে কি আর ভিন্‌দেশি খাবারে মন ভরে? কেউ কেউ আবার কেতাদুরস্ত বিদেশি রান্না পারেনও না। এ দিকে ডায়েটে ব্রকোলি রয়েছে। পুষ্টিগুণে ভরপুর সব্জিতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে ও ফাইবার, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজম ভাল রাখতে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এ বার দেশি কায়দায় বিদেশি এই সব্জি রেঁধে দেখতে পারেন। একাধিক উপায়ে কাজে লাগানো যেতে পারে।

ব্রকোলি-আলু ভাজা

আলু-ফুলকপি ভাজার বদলে বানিয়ে নিতে পারেন আলু-ব্রকোলি ভাজা। ফুলকপির বদলে ব্রকোলি যোগ করতে পারেন রান্নায়। মশলা দিয়ে ধীরে ধীরে রান্না করলে এটি রুটি বা ভাতের সঙ্গে দারুণ লাগে।

ব্রকোলি-আলু ভাজা।

ব্রকোলি-আলু ভাজা। ছবি: এআই সহায়তায় প্রণীত।

ব্রকোলির পকোড়া

পকোড়ার প্রচলিত কায়দায় বানাবেন না। তাতে বেশি তেল ও বেসনের প্রয়োজন পড়বে। এ ক্ষেত্রে ব্রকোলির টুকরোগুলি বেসন ও মশলার সঙ্গে মেখে কিছু ক্ষণ রেখে দিতে হবে। তার পর কড়াইয়ে অল্প তেলে হালকা ভেজে নিলে সুস্বাদু এই পদ তৈরি হয়ে যাবে। গরম গরম পরিবেশন করলে ভাল লাগবে চা-কফির সঙ্গে।

ব্রকোলির থেপলা

আটা, কুচোনো ব্রকোলি, মেথি পাতা কুচি, হলুদ, লঙ্কাগুঁড়ো ও জোয়ান মিশিয়ে ব্যাটার তৈরি করা হয়। তার পর তাওয়ায় ঘি বা তেলে সেঁকে নিলেই ফাইবার সমৃদ্ধ থেপলা প্রস্তুত। আচার বা দইয়ের সঙ্গে খেতে বেশ লাগে।

ব্রকোলি টিক্কি

ব্রকোলি হালকা সেদ্ধ করে, তার সঙ্গে মিষ্টি আলু মেখে, সুজি ও সয়াগুঁড়ো দিয়ে গোল গোল বল বানিয়ে নিন। তাওয়ায় সেঁকে নিলেই টিক্কি তৈরি হয়ে যাবে। নরম ও সুস্বাদু এই পদ সান্ধ্য খাওয়াদাওয়ার জন্য দুর্দান্ত। এমনকি নৈশভোজেও রাখা যায়।

ব্রকোলি টিক্কি।

ব্রকোলি টিক্কি। ছবি: সংগৃহীত

সর্ষে পোস্ত ব্রকোলি

ভাতের সঙ্গে মেখে খাওয়ার জন্য সর্ষে পোস্তর রেসিপি মেনে ব্রকোলি রাঁধা যায়। ব্রকোলি ভেজে তার মধ্যে সর্ষেবাটা ও পোস্তবাটা দিয়ে দিলেই ঝাল ঝাল মাখা একটি তরকারি তৈরি হয়ে যাবে। ভাত ছাড়া রুটি-পরোটা দিয়েও ভাল লাগবে খেতে।

broccoli Bengali Recipies
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy