Advertisement
E-Paper

সময়, গ্যাস দুই-ই বাঁচবে, রোজের কোন রান্না করতে পারেন প্রেশার কুকারেই

রান্নার গ্যাস নিয়ে সঙ্কট কপালে ভাঁজ ফেলেছে দেশের বড় সংখ্যক মানুষের। হেঁশেল চালানোর আগে বার বার ভাবতে হচ্ছে, কোন রান্না করা যায়, কোনটিই বা বাদ দেবেন। এমন সঙ্কটে কাজে আসতে পারে প্রেশার কুকার। গ্যাস বাঁচাতে দৈনন্দিন কোন রান্না করতে পারেন প্রেশার কুকারেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৬:৩৪
গ্যাস বাঁচাতে রান্না হোক প্রেশার কুকারে। দৈনন্দিন কোন রান্না এতে করতে পারেন?

গ্যাস বাঁচাতে রান্না হোক প্রেশার কুকারে। দৈনন্দিন কোন রান্না এতে করতে পারেন? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ঘুগনি হোক বা পাঁঠার মাংস— যে সমস্ত খাবার সেদ্ধ করা সময়সাপেক্ষ, সাধারণত সেই ধরনের রান্নাগুলির ক্ষেত্রেই বেশির ভাগ বাড়িতে প্রেশার কুকার ব্যবহার হয়। তবে ইরানের যুদ্ধের আঁচে এ রাজ্যেও এখন হেঁশেলের গ্যাস নিয়ে সঙ্কট। এই পরিস্থিতিতে সেই প্রেশার কুকারই হতে পারে মুশকিল আসান। সময় বাঁচবে এবং গ্যাস সাশ্রয় হবে দৈনন্দিন রান্নাগুলির কিছুটা প্রেশার কুকারে করে নিলে। রোজের কোন রান্না কী ভাবে এতে করতে পারেন?

ডাল: মুগ, মুসুর, বিউলি, অড়হর— যে ডালই করুন না কেন, সেদ্ধ করে নিন প্রেশার কুকারে। কড়াই বা কোনও পাত্রে বসিয়ে ডাল সেদ্ধ করতে যতটা সময় লাগে, তার অর্ধেক সময়েই প্রেশার কুকারে ডাল সেদ্ধ হয়ে যায়। তবে ডাল সেদ্ধ করার আগে, ডাল ধুয়ে জলে ভিজিয়ে দিন। মুগ কিংবা মুসুর হলে ১৫-২০ মিনিট ভেজালেই যথেষ্ট, বিউলি, অড়হর, ছোলা, মটর হলে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখুন। ডাল ভিজে গেলে নরম হয়ে যাবে। সেদ্ধ হতে কময় সময় লাগবে। তা ছাড়া, ডাল থেকে পুষ্টি শোষণও সহজ হবে।

ফোড়ন দেওয়ার ছোট্ট কড়াইয়ে ডালের উপযোগী ফোড়ন প্রস্তুত করে প্রেশার কুকারে ডালের সঙ্গে মিশিয়ে নিন।

ভাত: হাঁড়িতে ভাত সেদ্ধ করতে গেলেও কিন্তু কম গ্যাস পোড়ে না। সহজ উপায় প্রেশার কুকার। তবে প্রেশার কুকারে ভাত রান্নার সময় জলের মাপটি গুরুত্বপূর্ণ, জল বেশি হলে ভাত ঝরঝরে হবে না। আরও একটি উপায় আছে। জল বেশি দিতেই পারেন, তবে ভাত রান্নার পর ফ্যান ঝরিয়ে নিতে হবে। একই ভাবে, সব্জি দিয়ে প্রেশার কুকারে পোলাও বানিয়ে নিতে পারেন। তবে সে ক্ষেত্রে চাল এবং জলের মাপ সঠিক হওয়া দরকার।

তড়কা, ঘুগনি, রাজমা: ঘুগনি, রাজমা, কাবলি ছোলা, তড়কা রান্নার সময় অবশ্যই প্রেশার কুকার ব্যবহার করুন। কারণ, মটর, রাজমা একটু শক্ত হয়। সহজে সেদ্ধ হতে চায় না। প্রেশার কুকারে যেহেতু উচ্চ চাপ এবং বাষ্পশক্তিকে কাজে লাগিয়ে রান্না হয়, তাই অল্প সময়েই এতে রান্না হয়ে যায়।

এঁচোড়, লাউ, লাউয়ের খোসা, পেঁপে: এঁচোড়, লাউ, লাউয়ের খোসা, পেঁপের মতো সব্জিগুলিও প্রেশার কুকারে সেদ্ধ করে নেওয়া যেতে পারে। সব্জি সেদ্ধ হয়ে গেলে বাকি রান্নাটি করতে অতটাও গ্যাস খরচ হবে না। রান্না হয়ে যাবে দ্রুত। আলুর দম হোক বা আলু-পেঁপের ডালনা, ডুমো করে কাটা সব্জি ব্যবহার করলে অবশ্যই সেগুলি প্রেশার কুকারে সেদ্ধ করে নিন। আবার আলু, পেঁয়াজ, রসুন, মশলা কষিয়ে জল দিয়ে সেদ্ধ করতে দিলে প্রেশার কুকারেই কিন্তু আলুর দম রান্না হয়ে যাবে।

মাংস: পাঁঠার মাংস রান্নার জন্য প্রেশার কুকারের ব্যবহার হয়ই। তবে মুরগির মাংসও কিন্তু প্রেশার কুকারে রাঁধা যেতে পারে। বিশেষত চিকেন স্ট্যু বানালে প্রেশার কুকারই বেছে নিন। ডুমো ডুমো করে কাটা সব্জি এতে চট করে সেদ্ধ হবে। রান্না করতেও খুব কম সময় লগাবে। দুটো সিটি দিলেই যথেষ্ট। তবে শুধু স্ট্যু নয়, প্রেশার কুকারেই মাংস-মশলা, পেঁয়াজ, আলু কষিয়ে জল দিয়ে সেদ্ধ করে মাংসের ঝোল বানাতে পারেন।

Pressure Cooker Recpies LPG Gas
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy