Advertisement
E-Paper

গরমে ‘ওভারসাইজ়ড’ সুতির শার্ট আরামদায়ক! কিন্তু কী ভাবে পরলে দেখতে কেতাদুরস্ত লাগবে?

ঢিলেঢালা সুতির শার্ট শুধু সাধারণ মানুষের পছন্দ নয়, হলিউড থেকে টলিউড—সব তারকাই এখন ওই ‘অ্যান্টি-ফিট’ ফ্যাশনে মজেছেন। কিন্তু ঢিলেঢালা পোশাক পরে কেতাদুরস্ত দেখাবে কী ভাবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১১:৫০
ঢিলে ঢালা শার্টেই হয়ে উঠুন স্টাইল আইকন!

ঢিলে ঢালা শার্টেই হয়ে উঠুন স্টাইল আইকন! ছবি: সংগৃহীত।

গরমকালে পোশাক বাছতে হয় যত্ন করে। কাপড় আরামদায়ক না হলে বা ফিটিং একটু বেশি টাইট হলে সারা দিনের অস্বস্তি। তখন দৈনন্দিন হাজার সমস্যার সঙ্গে সেই অস্বস্তিও বইতে হবে দিনভর। আর ঠিক এইখানেই সুতির ওভারসাইজ়ড শার্টের জয়জয়কার। গ্রীষ্মকালের আদর্শ পোশাক হিসাবে ঢিলেঢালা সুতির শার্ট এখন আর শুধু সাধারণ মানুষের পছন্দ নয়, হলিউড থেকে টলিউডের শৌখিন তারকারাও ইদানীং মজেছেন ওই ‘অ্যান্টি-ফিট’ ফ্যাশনে। কিন্তু ঢিলেঢালা পোশাক পরে কি স্টাইল করা যায়? আরাম আর কেতা কি এক পোশাকে থাকতে পারে? উত্তর হল— পারে। শুধু সঠিক কায়দাটি জানতে হবে। তাহলেই নানা ফিটেড পোশাকের ভিড়ে ওভারসাইজ়ড শার্টও আলাদা করে নজর কাড়বে।

১. নট-ইট-আপ

শার্টের তলার বোতামগুলো খোলা রেখে দুই প্রান্ত দিয়ে একটি সুন্দর গিঁট বা ‘নট’ বেঁধে নিন। এটি ঢিলেঢালা শার্টকে এক রকমের ‘ক্রপ টপ’-এর লুক দেবে। হাই-ওয়েস্ট ডেনিম, ট্রাউজার বা লিনেন প্যান্টের সাথে এই স্টাইলটি মানাবে ভাল। বিকেলের আড্ডায় বা বন্ধুদের সঙ্গে কফি ডেটে এটি ক্যাজ়ুয়াল কুল ফ্যাশন হতে পারে।

২. ফ্রেঞ্চ টাক

পুরো শার্টটি প্যান্টের ভিতরে না ঢুকিয়ে শুধু সামনের দিকের সামান্য অংশ ইন বা ‘টাক’ করে নিন। বাকিটা ঝুলে থাকুক। একে বলা হয় ‘ফ্রেঞ্চ টাক’। এতে আপনার কোমরের রেখা স্পষ্ট হয়, ফলে শরীরকে খুব বেশি চওড়া দেখায় না। আবার একই সঙ্গে ক্যাজুয়াল মেজাজও বজায় থাকে। অফিসের সপ্তাহান্তের ক্যাজ়ুয়াল পোশাক পরার দিনের জন্য এটি একদম জুতসই।

৩. লেয়ারিং

শার্টের সব ক’টি বোতাম খোলা রেখে ভিতরে একটি স্লিভলেস ক্রপ টপ বা সাধারণ কটন ট্যাঙ্ক টপ বা স্লিভলেস টি-শার্ট পরুন। শার্টটি এখানে পাতলা জ্যাকেট বা শ্রাগের কাজ করবে। যদি ভিতরের টপটি গাঢ় রঙের হয়, তবে শার্টটি হালকা বা প্যাস্টেল রঙের বাছুন। রোদে ঘোরার সময় এটি হাতকে ট্যান পড়ার হাত থেকেও বাঁচাবে।

৪. বেল্টের কেরামতি

যাঁরা একটু পরিপাটি লুক পছন্দ করেন, তাঁরা ওভারসাইজড শার্টের কোমরে একটি চওড়া বা সরু বেল্ট পরে নিতে পারেন। এতে শার্টটি ‘শার্ট-ড্রেস’-এর মতো দেখাবে। একঘেয়েমি কাটাতে শার্টের হাতাগুলো সামান্য গুটিয়ে নিন। পায়ের স্লাইডার বা স্নিকার্সের সাথে এই লুকটি দারুণ স্মার্ট। টাইট ফিটেড জেগিংস, জিন্স অথবা ঢিলেঢালা ট্রাউজ়ার্স— সব কিছুর সঙ্গেই এটি ভাল দেখাবে।

৫. শর্টস বা লেগিংসের সঙ্গে

শার্টটি যদি বেশ লম্বা হয়, তবে নিচে টাইট ফিটিং বাইকার শর্টস, ফিটেড ডেনিম শর্টস বা লেগিংস পরুন। বেড়াতে যাওয়ার জন্য বা এয়ারপোর্ট লুক হিসাবে এটি এই মুহূর্তে সবচেয়ে বেশি ট্রেন্ডিং।

oversized fashion Fashion Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy