টিফিন বাক্স নিয়ম করে পরিষ্কার হয় সব বাড়িতেই, কিন্তু সেই বাক্স ভরা হয় যে ব্যাগে, তার পরিচ্ছন্নতার কথা ভাবেন কি? সময়ের সঙ্গে সঙ্গে টিফিন বাক্সের ধরনে বদল এসেছে। বাক্সের সঙ্গেই, এখন চেন টানা সুন্দর ব্যাগও পাওয়া যায়। এ ছাড়াও, টিফিন নিয়ে যাওয়ার সুবিধার জন্য আলাদা ভাবে টিফিন বাক্সের ব্যাগ মেলে। এমনিতে এখনকার টিফিনবাক্স সাধারণত ‘লিক প্রুফ’ হয়। সেখান থেকে খাবারের ঝোল বা তেল বেরিয়ে আসার সম্ভাবনা থাকে না।তা সত্ত্বেও কি সেই ব্যাগ পরিষ্কারের দরকার আছে?
অনেক সময় ঢাকনা ঠিক মতো দেওয়া না হলে ঝোল বা খাবার চলকে পড়তে পারে। তা ছাড়া সব সময় যে খাবার নেওয়ার ব্যাগে ঠিকমতো টিফিন কৌটো নেওয়া হয় তা নয়। তা থেকেও খাবার সেখানে লাগতে পারে। তা ছাড়া, দিনের পর দিন পরিষ্কার করা না হলে ব্যাগে দুর্গন্ধও কিন্তু হতে পারে। তা ছাড়া খাওয়ার পরে এঁটো চামচ বা আধখাওয়া প্যাকেট তাতে রাখলেও গন্ধ হতে পারে। তাই নিয়মিত না হলেও মাঝে মধ্যে এই ব্যাগটিও পরিষ্কার করার দরকার আছে। বিশেষত খাবারের তেল-ঝোল পড়লে তা থেকে জীবাণু সংক্রমণের ঝুঁকিও তৈরি হয়।
কী ভাবে টিফিন রাখার ব্যাগটি পরিষ্কার করবেন—
১। বাসন মাজার সাবান জলে গুলে ব্রাশের সাহায্যে ব্যাগের কোনাগুলিও হালকা ঘষে নিন। খাঁজে খাঁজে ময়লা জমে থাকে। তার পরে হালকা গরম জল বা পাতিলেবু মিশ্রিত জলে কাপড় ভিজিয়ে ব্যাগটি ভাল করে পরিষ্কার করে নিন। পরিষ্কার হওয়ার পাশাপাশি তা থেকে সুগন্ধও ছাড়বে। অবশ্যই ব্যাগটি রোদে বা শুকিয়ে নেওয়ার পরে ব্যবহার করতে হবে।
২। দিনের পর দিন ব্যবহার করতে করতে অনেক সময় এই ব্যাগেও খাবার গন্ধ হতে পারে। বিশেষত টিফিন কৌটোর ঢাকা যদি আলগা থাকে বা এঁটো চামচ এর মধ্যে রাখা হয়। ভিজে কাপড় দিয়ে ব্যাগ পরিষ্কার করে নিন। একটি পাত্রে বেকিং সোডা এবং পাতিলেবুর রস মিশিয়ে ব্যাগের ভিতরে রাতভর ঢাকা দিয়ে রেখে দিন। এতে বিশ্রী গন্ধ দূর হবে।
৩। দিনের পর দিন ব্যবহার করতে করতে ব্যাগের চেনগুলি আটকে যায়, তার ভিতরেও ময়লা জমে। ইয়ারবাড দিয়ে চেন পরিষ্কার করে নিন। তা ছাড়া ব্যাগ ধোয়াধুয়ির ফলে এতে জং পড়তে পারে। ইয়ারবাড দিয়ে অল্প নারকেল তেল লাগিয়ে দিতে পারেন চেনে।