শরীর ভাল রাখতে হলে প্রোটিন খাবার যথেষ্ট নয়, দরকার সব্জিও। কিন্তু তরিতরকারি ছোটদের খাওয়ানো বেশ ঝক্কির। তা ছাড়া একঘেয়ে শুক্তো, লাউ, চচ্চড়ি কি বড়দেরও মুখে রোচে? সব্জি দিয়ে বানিয়ে ফেলুন এমন খাবার, যা দেখে কেউ ধরতেই পারবে না রয়েছে অপছন্দের আনাজও। সব্জি খান সুস্বাদু খাবারের মোড়কে।
ভেজ রাভিওলি
ভিতরে থাকবে চিজ়-সব্জির মেলবন্ধন। রাভিওলি দেখলে যে কেউ খেতে চাইবেন। ছবি:সংগৃহীত।
ব্রকোলি থেকে পালং— পছন্দের যে কোনও সব্জি জুড়তে পারেন। পালং শাক এবং মিহি করে কুচোনো ব্রকোলি ভাপিয়ে কড়াইয়ে রসুন লঙ্কা ফোড়ন দিয়ে হালকা ভেজে নিন। তার সঙ্গে যোগ করুন গ্রেট করা চিজ়, চিলি ফ্লেক্স, স্বাদমতো নুন। ডিম দিয়ে ময়দা মেখে ছোট লুচির মতো বেলে পুর হসেবে তৈরি সবজি দিন। উপর থেকে আর একটি ছোট লুচি চাপা দিয়ে দিন। প্রান্তগুলি কাঁটাচামচ দিয়ে নকশা করে নিন। ফুটন্ত জলে রাভিওলি ফেলে দিলেই সেটি সেদ্ধ হয়ে যাবে। কড়াইয়ে অল্প চিলি অয়েল দিয়ে রাবিওলি হালকা নাড়াচাড়া করে নিতে পারেন। না হলে, পছন্দের কোনও চিজ় সস বা মেয়োনিজ় সস দিয়েও তা খেতে পারেন।
রাইস পেপার ডাম্পলিং
রাইস পেপারে সব্জির পুর ভরে বানিয়ে নিন ডাম্পলিং বা মোমো। ছবি:সংগৃহীত।
মিহি করে কুচোনো বাঁধাকপি, গাজর, সেদ্ধ করা সুইট কর্ন অল্প তেলে রসুন ফোড়ন দিয়ে হালকা নাড়াচাড়া করে নিন। যোগ করুন স্বাদমতো নুন এবং সয়া সস।রাইস পেপার কিনতে পাওয়া যায়। সেগুলি জলে ভিজিয়ে তুলে নিন। ভিতরে পুর ভরে পুঁটলির মতো আকার দিন। একটি পাত্রে জল ফুটতে দিয়ে উপরে ছিদ্রযুক্ত থালা রাখুন। তার উপর ডাম্পলিং বসিয়ে ঢাকা দিন। ১০ মিনিটেই তা ভাপে রান্না হয়ে যাবে। মোমোর চাটনির সঙ্গে পরিবেশন করুন।
সব্জির শিক কবাব
সব্জির শিক কবাব। ছবি:সংগৃহীত।
বাঁধাকপি, গাজর, কড়াইশুঁটি, ক্যাপসিকাম হালকা স্যতে করে মিক্সারে ঘুরিয়ে নিন। যোগ করুন কড়াইয়ে নেড়ে নেওয়া বেসন, গ্রেট করা পনির, আদা-রসুন, কাঁচালঙ্কা কুচি, নুন, ধনে-জিরে গুঁড়ো, সর্ষের তেল দিয়ে সমস্ত উপকরণ মেখে মণ্ড তৈরি নিন। কাঠির মধ্যে শিক কবাবের মতো আকার তৈরি করে মাখন বা তেলে উল্টে-পাল্টে সেঁকে নিন।