Advertisement
E-Paper

কুকারে ফুটতে দিলেই ডাল চুঁইয়ে বেরিয়ে আসে? ছোট্ট ৫ কৌশলে হেঁশেলের ঝক্কি থেকে মুক্তি পাবেন

প্রেশার কুকার থেকে ডাল বেরিয়ে আসা বন্ধ করার জন্য দামি কোনও সরঞ্জামের প্রয়োজন নেই, বরং রান্নার কিছু ছোটখাটো অভ্যাস বদলালেই কাজ হবে। খুব সহজ ৫টি টোটকা মেনে চললে এই ঝক্কি পোহাতে হবে না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৩:৩৬
প্রেশার কুকারে ডাল রান্নার ৫টি পন্থা।

প্রেশার কুকারে ডাল রান্নার ৫টি পন্থা। ছবি: এআই সহায়তায় প্রণীত।

প্রেশার কুকারে ডাল বসিয়েছেন, আর কিছু ক্ষণ পরেই দেখা গেল কুকারের মুখ দিয়ে ফেনা আর ডাল উপচে ছড়িয়ে পড়ছে। হেঁশেলে এই দৃশ্য খুবই পরিচিত। বিশেষ করে মুসুর ডাল, মুগ ডাল বা অড়হর ডাল রান্নার সময়ে এই সমস্যা প্রায়ই দেখা যায়। এতে গ্যাস বা স্টোভের উপরের অংশ, কাউন্টারটপ, কুকার সব নোংরা হয়। পাশাপাশি ডালের পরিমাণও কমে যায়।

কিন্তু পেশাদার রন্ধনশিল্পীদের মতে, দামি কোনও সরঞ্জামের প্রয়োজন নেই, বরং রান্নার কিছু ছোটখাটো অভ্যাস বদলালেই কাজ হবে। খুব সহজ ৫টি টোটকা মেনে চললে এই ঝক্কি পোহাতে হবে না। তার জন্য কী কী করতে হবে?

ডাল রান্নার কৌশল।

ডাল রান্নার কৌশল। ছবি: সংগৃহীত

বাটি বসানো: রন্ধনশিল্পী পঙ্কজ ভদোরিয়ার একটি সহজ টোটকা এখানে কাজে আসতে পারে। প্রেশার কুকারে ডাল সেদ্ধ বসানোর সময়ে একটি ছোট স্টিলের বাটি বসিয়ে নিতে হবে ভিতরে। ডাল যখন সেদ্ধ হয়, তখন তা থেকে স্টার্চ এবং প্রোটিন জলে মিশে যায়। তাতেই তৈরি হয় ওই ফেনা। ধীরে ধীরে ওই ফেনা ‌উপরের দিকে উঠতে থাকে সেদ্ধ করার সময়ে। শেষমেশ কুকার ভেন্ট পাইপ দিয়ে চুঁইয়ে পড়তে থাকে। কিন্তু বাটি বসিয়ে দিলে বড় বড় বুদ্বুদগুলি ভেঙে দিতে পারে সেটি। তা ছাড়া ফেনার ফুলেফেঁপে ওঠার প্রবণতাকে খানিক কমিয়েও দিতে পারে।

রান্নার আগে ডাল ধোয়া: রান্নার আগে় ডাল ভাল করে ধুয়ে নিলে সেদ্ধ হওয়ার সময়ে অতিরিক্ত ফেনা তৈরি হয় না। তাই কুকারে বসানোর আগে ডাল অন্তত ২-৩ বার ধুয়ে নিন। জল পরিষ্কার না হওয়া পর্যন্ত ধোয়ার চেষ্টা করুন। এতে রান্নার সময়ে অতিরিক্ত ফেনা হওয়ার সম্ভাবনা কমে যায়। আর ফেনা কমে গেলে উপচে পড়ার ঝুঁকিও কমে।

ঢিমে আঁচে রান্না: একটানা উচ্চ তাপে রান্না করার দরকার নেই। শুরুর দিকে মাঝারি আঁচে বসাতে হবে। তার পর প্রথম সিটি পড়তেই ঢিমে আঁচে রান্না করতে হবে। বেশি তাপমাত্রায় ফোটাতে থাকলে ফেনা দ্রুত এবং অনেক বেশি পরিমাণে তৈরি হয়ে যাবে।

প্রেশার কুকারে রাঁধার পদ্ধতি।

প্রেশার কুকারে রাঁধার পদ্ধতি। ছবি: সংগৃহীত

কুকার পরিষ্কার রাখা: কুকারের ভেন্ট পাইপ যদি ময়লা হয়ে যায়, তা হলে বাষ্প ঠিক মতো বেরোতে পারে না। ফলে বাসনের ভিতরে অতিরিক্ত চাপ তৈরি হয়। এর ফলে জল, ফেনা হঠাৎই বেরিয়ে আসতে পারে চাপ সহ্য না করতে পেরে। তা খুবই বিপজ্জনক। তাই ব্যবহারের আগে ভাল করে বাসন এবং ভাল্‌ভ পরিষ্কার করে নিতে হবে প্রতি বার।

টিস্যু পেপার ব্যবহার: কেউ কেউ প্রেশার কুকারের ভাল্‌ভের উপর অল্প জলেভেজা টিস্যু জড়িয়ে নেন। এর ফলে ফেনা উঠতে শুরু করলেও তা টিস্যু শুষে নিতে পারে। তবে দেখতে হবে, ভাপ বেরোনোর অংশকে যেন খোলা থাকে। নয়তো প্রেশার কুকার থেকে সিটি বেরোবে না। আর তাতে বিপদের ঝুঁকি তৈরি হয়।

যদি কুকার বন্ধ করার আগেই ফেনা উঠতে দেখা যায়, তা হলে কিছু ক্ষণ অপেক্ষা করে উপরের ফেনা চামচ দিয়ে সরিয়ে নেওয়া যেতে পারে। এতে ফের উপচে পড়ার সম্ভাবনা কমে।

Dal Cooking Tips cooking tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy