Advertisement
E-Paper

কৃতিকা-গৌরবের বিয়ের মেনুতে ফুলকপির পোলাও আর কাঠবাদামের রুটি! ‘কিটো খাবার’ দিয়েই হল ভূরিভোজ

বিয়ের দিনেও স্বাস্থ্যের সঙ্গে কোনও রকম আপস করেননি অভিনেত্রী কৃতিকা কামরা। বিয়ের মেনুতেও রেখেছেন ডায়েটের খাবার। সম্প্রতি কৃতিকার ভাই রাহুল কামরা সমাজমাধ্যমে কৃতিকার বিয়ের ‘কিটো মেনু’ ফাঁস করেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৭:৫০
কৃতিকা-গৌরবের বিয়ের ভোজে ‘কিটো মেনু’।

কৃতিকা-গৌরবের বিয়ের ভোজে ‘কিটো মেনু’। ছবি: ইনস্টাগ্রাম।

যে কোনও বিয়েবাড়ির শেষে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়, সেটি হল সেখানের খাওয়াদাওয়া। আর তারকাদের বিয়ে হলে তো কথাই নেই, থাকে এলাহি ভোজের আসর। সম্প্রতি বিয়ে সারলেন অভিনেত্রী কৃতিকা কামরা ও ক্রীড়াসঞ্চালক গৌরব কপূর। খুব বেশি জাঁকজমক নয়, কাছের বন্ধুবান্ধব আর আত্মীয়দের নিয়েই মুম্বইয়ের বান্দ্রায় বসেছিল বিয়ের আসর। বিয়ের রীতি থেকে বর-কনের পোশাক, সাজসজ্জা থেকে অনুষ্ঠানের মেনু— সবই ছিল ছিমছাম, অথচ নজরকাড়া।

বিয়ের দিনেও স্বাস্থ্যের সঙ্গে কোনও রকম আপস করেননি কৃতিকা। বিয়ের মেনুতেও রেখেছেন ডায়েটের খাবার। সম্প্রতি কৃতিকার ভাই রাহুল কামরা সমাজমাধ্যমে কৃতিকার বিয়ের ‘কিটো মেনু’ ফাঁস করেছেন। রাহুল নিজে একজন কিটো কোচ। তিনিই দিদির বিয়ের মেনু তৈরি করেছেন। রাহুলের মতে, বিয়ের আগে কৃতিকা নিজের ফিটনেস নিয়ে খুব সচেতন ছিলেন। অভিনেত্রী ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন। তাঁর রোজের ডায়েটে কার্বোহাইড্রেটের পরিমাণও খুব নিয়ন্ত্রিত, প্রোটিনে ভরপুর খাবারই বেশি খান কৃতিকা। রাহুল বলেন, ‘‘বিয়ের দিনেও কৃতিকা ফিটনেস নিয়ে ভীষণ খুঁতখুঁতে ছিলেন।’’

কী কী ছিল কৃতিকা-গৌরবের বিয়ের মেনুতে?

স্টার্টার: পিকল্‌ড চিলির সঙ্গে ফিয়াম্মা পিৎজ্জা, পালংশাকের স্যালাডের সঙ্গে সিল্কেন টোফু, এডামামে চিলি ডিমসামের সঙ্গে তাই স্যুপ।

মেনকোর্স: নারকেল ও বাদাম মেশানো তাই পোমেলো স্যালাড, স্মোকড পনির কারি সঙ্গে আমন্ড রুটি। এ ছাড়া ছিল ফুলকপির পোলাও, সঙ্গে পদ্মডাঁটার সব্জি।

ডেসার্ট: ডার্ক চকোলেট ব্রুলে এবং সেসমি আইসক্রিম।

উল্লেখ্য, ২০০৯ সালে ‘কিতনি মহব্বত হ্যায়’ ধারাবাহিকে অভিনেতা কর্ণ কুন্দ্রার সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী। তার পরে শোনা গিয়েছিল সহ-অভিনেতার সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন কৃতিকা। যদিও প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা তাঁরা স্বীকার করেননি কখনও। অন্য দিকে, গৌরবও ২০১৪ সালে বিয়ে করেছিলেন মডেল-অভিনেত্রী কিরত ভট্টলকে। সেই সম্পর্কে চিড় ধরেছে আগেই। সম্প্রতি তাঁদের আইনি বিচ্ছেদে সিলমোহর পড়েছে বলেও খবর।

Wedding Menu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy