Advertisement
E-Paper

সবচেয়ে দামি কেশর! দামের দিক থেকে আর কোন মশলা টেক্কা দিতে পারে লাল সোনাকে?

কেশরকে সোনার সঙ্গে তুলনা করে লাল সোনা বলা হয়। এর দাম আকাশছোঁয়া। তবে কেশর ছাড়া বিশ্বের সবচেয়ে দামি মশলার তালিকায় আর কী কী রয়েছে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৯:১৬
পৃথিবীর দামি মশলার তালিকায় কী কী রয়েছে?

পৃথিবীর দামি মশলার তালিকায় কী কী রয়েছে? ছবি: সংগৃহীত।

রকমারি মশলার ব্যবহার ছাড়া ভারতীয় রান্না অসম্পূর্ণ। একটা সময় এই মশলা কেনা-বেচার কারণেই বিশ্বের নজরে এসেছিল ভারত। আজও ভারতীয় মশলার কদর রয়েছে বিশ্ব জুড়ে। মশলার মধ্যে সবচেয়ে দামী কেশর। কেশর হচ্ছে বেগুনি রঙের ছয় পাঁপড়ি বিশিষ্ট ফুলের পুংকেশর। একটি ফুল থেকে তিনটি পুংকেশর পাওয়া যায় মাত্র। হাতে করে গাছ থেকে ফুল তুলে কেশর আলাদা করতে হয়। মধ্য হেমন্তের দু’সপ্তাহ সময়ে সকালে সূর্য ওঠার সময় ফুল ফোটে, দিনের শেষে মলিন হয়ে যায়। হিসাব বলছে, এক কেজি ফুল থেকে ৭২ গ্রাম তাজা কেশর পাওয়া যায়। যেটা শুকিয়ে ১২ গ্রামে দাঁড়ায়। তা‌ই তো কেশরকে সোনার সঙ্গে তুলনা করে লাল সোনা বলা হয়। এর দামও আকাশছোঁয়া। তবে কেশর ছাড়া বিশ্বের সবচেয়ে দামি মশলার তালিকায় আর কী কী রয়েছে?

ভ্যানিলা: কেশরের পরেই দামি মশলার তালিকায় রয়েছে ভ্যানিলার নাম। এটি চাষের প্রক্রিয়া অত্যন্ত সময়সাপেক্ষ এবং জটিল। ভ্যানিলা অর্কিড (ভ্যানিলা প্ল্যানিফোলিয়া) শুধুমাত্র নির্দিষ্ট গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে বছরে এক বার মাত্র ২৪ ঘন্টার জন্য ফোটে। প্রতিটি ফুলকে সাবধানে হাতে ধরে একটি একটি করে পরাগায়ণ করতে হয়। এই কারণেই বিপুল পরিমাণে উৎপাদন করা সম্ভব হয় না। ফসল কাটার পরে একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে ভ্যানিলাগুলি সংগ্রহ করা হয়। এই মশলার উৎপাদনে কোনও শর্টকাট পদ্ধতি নেই। তাই তো এত দামি এই মশলা।

ছোট এলাচ: একে মশলার রানি বলা হয়। এই মশলার চাষ করা খুব একটা সহজ নয়, বেশ দক্ষতার প্রয়োজন হয়। ঠিক কোন সময় কুঁড়ি তুলতে হবে, সেটা জানা ভীষণ জরুরি। দক্ষ কৃষক না থাকলে ক্ষতি হওয়ার সম্ভাবনাও প্রবল। সব স্থানে এই মশলার ফলন হয় না। প্রধানত দক্ষিণ ভারত, গুয়াতেমালা এবং ইন্দোনেশিয়াতে পাওয়া যায়। তাই এই মশলা বিশ্বের অন্যতম দামি মশলার তালিকায় শীর্ষের দিকেই রয়েছে।

Advertisement

সিচুয়ান পেপার: ভারতীয় রান্নায় তেমন ব্যবহৃত না হলেও এশিয়ার বিভিন্ন প্রদেশের রান্নায় এই মরিচ ব্যবহারের চল রয়েছে। লেবুর স্বাদ আর ফুলের গন্ধের এক অদ্ভুত মিশেল রয়েছে এই মশলায়। চিনেই এই মরিচের চাষ হয়। বেশ ঝাল হয় এই মশলাটি। স্বাদে বেশ অন্য রকম এবং চাহিদার তুলনায় উৎপাদনের ঘাটতি থাকার কারণে এই মশলার দামও চড়া হয়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy