প্রেম দিবস মানেই রেস্তরাঁ থেকে সালোঁ, পর্যটনস্থলগুলিতে বাড়তি ভিড়ভাট্টা। সিনেমা হল থেকে শপিং মলে ব্যস্ততা। খেতে গেলে লম্বা লাইন, সিনেমার টিকিট কাটতে গেলে হাউসফুল। এমন ঝক্কি এড়িয়ে প্রেম দিবসে রোম্যান্স চান?
ত্বকচর্চা শিল্পী শেহনাজ় হুসেন এক সাক্ষাৎকারে প্রেম দিবস উদ্যাপনের এক অভিনব উপায় বললেন। তাঁর কথায়, প্রেম দিবস মানে শুধু ডেটিং বা যুগলে হাত ধরে ঘোরা নয়, বরং শান্ত, সুন্দর পরিবেশ হৃদয়কে ভাললাগায় ভরাতে পারে। ভালবাসার দিনটি উদ্যাপনে নিজেদের যত্ন জরুরি। শেহনাজ় মনে করেন, ঘরোয়া স্পা-হল সেই উপায়, যা মানসিক চাপ দূর করে স্নায়ুকে শান্ত করতে সাহায্য করবে। তৈরি করবে রোম্যান্টিক পরিসর।
কেমন হবে ‘স্পা ডেট’?
‘স্পা ডেট’ হল হল কোনও সালোঁ বা স্পা করানোর জায়গায় গিয়ে যুগলে স্পায়ের আনন্দ এবং মজা নেওয়া। স্পা করলে ক্লান্তি দূর হয়, মানসিক চাপ কমে, স্নায়ু শান্ত হয়। মেজাজও হয় ফুরফুরে। ইদানীং বেড়াতে গিয়েও যুগলে একসঙ্গে স্পা করাতে যান। প্রেম দিবসে তেমনই একটি মুহূর্ত তৈরি করা যায় বাড়িতেই। যেখানে দু’জনেই একসঙ্গে সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারেন। শেহনাজ় বলছেন, কী ভাবে তেমন পরিবেশ বাড়িতেই হতে পারে?
১। বাড়ির সবচেয়ে শান্ত জায়গাটি স্পায়ের জন্য বেছে নিন। হালকা করে চালিয়ে দিন পছন্দের সুর। ঢিমে তালের গান, রোম্যান্টিক যন্ত্রসঙ্গীত বা পছন্দের গজল পরিবেশটাই বদলে দিতে পারে।
২। স্পা-এর মতো আবহ তৈরি করতে বিছানা, সোফায় লিনেন বা আরামদায়ক চাদর, ঢাকা পেতে দিন। দু’জনের জন্যই আরামদায়ক বাথরোব আনিয়ে রাখুন।
যত্নে থাক প্রেমের ছোঁয়া
মুখের যত্ন: বাড়িতেই কোনও ফেস প্যাক বানাতে পারেন, বাজারচলতি পছন্দের প্যাকও মাখা যেতে পারে। ঘরে বানাতে চাইলে শেহনাজ় বলছেন, চন্দনগুঁড়োর সঙ্গে এক চিমটে হলুদ, অলিভ অয়েল এবং গোলাপজল মিশিয়ে নিতে। মুখ পরিষ্কার করার পরে তা মুখে মাখতে হবে। দিনটি প্রেমের, তাই আরাম করার সময় এক জন অন্য জনকে এমন ফেসপ্যাক মাখিয়ে দিতে পারেন।
আরও পড়ুন:
এসেনশিয়াল অয়েল: সবচেয়ে বেশি আরাম লাগে বডি মাসাজ়ে। অলিভ অয়েল বা হোহোবা অয়েলের সঙ্গে মিশিয়ে নিতে পারেন কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। ল্যাভেন্ডারের হালকা-মিষ্টি গন্ধ মেজাজ ভাল করে দেয়।
চুলে মাসাজ়: মাথায় কেউ বিলি কেটে দিলে আরামে ঘুম এসে যায়। হালকা গরম কাঠবাদামের তেল, অলিভ অয়েল, হোহোবা অয়েল— যে কোনও তেলই বেছে নিতে পারেন। মাথায় বিলি কেটে হালকা হাতে সঙ্গীর চুলে তেল মালিশ করে দিন।
ভেষজ চা: স্পা-এর আরাম এবং কার্যকারিতা বেড়ে যায়, উষ্ণ পানীয় সঙ্গে থাকলে। গরম জলে মধু দিয়ে চা বানিয়ে রাখুন। জবা চা, ক্যামোমাইল চা নিদেনপক্ষে গ্রিন টি-তেও চুমুক দিতে পারেন।
খাবার: স্পা-ডেটে থাক কিছু স্বাস্থ্যকর, মন ভাল করা খাবার। রকমারি বাদাম রাখতে পারেন, ভাল কোনও ডার্ক চকোলেটও থাকতে পারে তালিকায়। রাখুন পছন্দের ফল। খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে চাট মশলা ছড়িয়ে দিন। শৌখিন পাত্রে তা পরিবেশন করুন।
ডিটক্স পানীয়: সঙ্গে রাখুন ডিটক্স পানীয়। শসা, তরমুজ বা পছন্দের ফল ঠান্ডা জলে মিশিয়ে বোতলে রাখুন। স্পা-এর পাশাপাশি জল না খেলে, ত্বকে তরতাজা ভাব আসবে না।