Advertisement
E-Paper

কেবল ফল হিসেবে নয়, মিষ্টি কাঁঠাল দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত সব খাবার, রইল তিনটির সন্ধান

যাঁরা মিষ্টি কাঁঠাল খেতে ভালবাসেন আর যাঁরা বাসেন না, সকলের জন্যই কাঁঠাল দিয়ে নানা রকমের রান্না হতে পারে। কেবল এই দেশ নয়, কাঁঠাল দিয়ে রান্না করার চল অন্যান্য দেশেও রয়েছে। তা সে শ্রীলঙ্কা হোক বা ইন্দোনেশিয়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১৯:১৮
কাঁঠাল দিয়ে অন্য রকম তিন রান্না।

কাঁঠাল দিয়ে অন্য রকম তিন রান্না। ছবি: সংগৃহীত।

আম, লিচু, তরমুজের মতোই এ সময়ে কাঁঠাল নিয়েও মাতামাতি চলে বহু বাড়িতে। আবার, অনেকেই এর গন্ধ সহ্য করতে পারেন না। যাঁরা মিষ্টি কাঁঠাল খেতে ভালবাসেন আর যাঁরা বাসেন না, সকলের জন্যই কাঁঠাল দিয়ে নানা রকমের রান্না হতে পারে। কেবল এই দেশ নয়, কাঁঠাল দিয়ে রান্না করার চল অন্যান্য দেশেও রয়েছে। তা সে শ্রীলঙ্কা হোক বা ইন্দোনেশিয়া।

কাঁঠাল দিয়ে কোন তিন রান্না করতে পারেন?

প্রত্যেকটি রান্নার ক্ষেত্রেই ফল ছাড়িয়ে নেওয়া দরকার। সেই ধাপটিই সবচেয়ে কঠিন ধাপ বলে মত অনেক রাঁধুনীর। তার পরের ধাপগুলি বলে দেওয়া হল নীচে—

কাঁঠালের পায়েস

বীজ ছাড়ানো কাঁঠাল দিয়ে একটি প্রেশার কুকারে রাখুন খানিকটা জল দিয়ে। ৩-৪টি সিটি দিলে গ্যাস বন্ধ করে দিন। কাঁঠাল সেদ্ধ ঠান্ডা হয়ে গেলে মিহি করে থেঁতো করে নিন। অথবা মিক্সার গ্রাইন্ডারও ব্যবহার করতে পারেন। অন্য দিকে, সসপ্যানে অল্প ঘি দিয়ে গরম করুন। তাতে কাজুবাদাম ও আমন্ড দিয়ে খানিক ক্ষণ সাঁতলে নিন। রং বদলাতে শুরু করলে কিশমিশ মিশিয়ে অল্প ভেজে নিন। সেগুলি তুলে রাখুন। ওই প্যানেই এক কাপ দুধ দিয়ে দিন। তাতে খানিকটা গুড় দিন। এতে নারকেলের গুঁড়োও দিতে পারেন। গুড় গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করুন। তার পর কাঠালের মিশ্রণ এবং এলাচের গুঁড়ো ঢেলে দিন। ২-৩ মিনিট নাড়াচাড়়া করার পর ঘিয়ে রোস্ট করা বাদাম ও কিশমিশগুলি দিয়ে দিন। এ বার গরম গরম পরিবেশন করুন কাঁঠালের পায়েস।

কাঁঠালের বড়া

মিক্সার গ্রাইন্ডারে বীজ ছাড়ানো কাঁঠাল, নারকেল এবং গুড় মিহি করে পিষে নিতে হবে। এ বার অন্য একটি পাত্র নিয়ে তাতে সুজি, চালের গুঁড়ো, এলাচগুঁড়ো মিশিয়ে নিতে হবে। মিশ্রণ থেকে গোল গোল করে বল তৈরি করে রাখুন। এ বার কড়াইয়ে তেল গরম করে এক এক করে বড়া ভেজে নিন। ঢিমে আঁচে রেখে ধীরে ধীরে ভাজতে হবে। হয়ে গেলে গরম গরম, মিষ্টি, মুচমুচে বড়া তৃপ্তি করে খেতে পারেন।

কাঁঠালের বীজের তরকারি

কাঁঠালের বীজ বার করে সেগুলি রোদে শুকিয়ে নিন। তার পর খোসা ছাড়িয়ে নিন। প্রত্যেকটি বীজকে ৪ ভাগ করে নিন। তার পর সেদ্ধ করে নরম করে নিন। অন্য দিকে, কড়াইয়ে তেল গরম করে আলু আর বীজগুলি অল্প ভেজে তুলে রাখুন। ওই তেলেই তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজকুচি সোনালি করে ভাজুন। এ বার টম্যাটো এবং আদা-রসুনবাটা দিয়ে কষাতে থাকুন। এ বার হলুদ, লঙ্কা এবং জিরের গুঁড়ো ঢেলে দিন। অল্প জল দিয়ে কষাতে থাকুন। তেল ছাড়তে শুরু করলে আলু আর বীজের টুকরোগুলি ঢেলে দিন। নামানোর সময় গরমমশলাগুঁড়ো এবং ঘি ছড়িয়ে দিতে পারেন উপরে।

Jackfruit Food Recipes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy