Advertisement
E-Paper

রোজ ইনডাকশন ব্যবহার করছেন? পরিষ্কার করার সঠিক নিয়ম না জানলে অল্প দিনেই বিগড়ে যাবে যন্ত্র

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৭:৫৭
কী ভাবে পরিষ্কার করবেন ইনডাকশন?

কী ভাবে পরিষ্কার করবেন ইনডাকশন? ছবি: সংগৃহীত।

যুদ্ধের আঁচে দেশ জুড়ে গ্যাস নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। রান্নার গ্যাসের আকালে পৌষমাস ইনডাকশন কুকটপের। হেঁশেলের কাজ যেন কোনও ভাবেই বন্ধ না হয়, সেই জন্য ইনডাকশন কেনার ঝড় উঠেছে বাজারে। এই পরিস্থিতিতে যাঁদের বাড়িতে ইনডাকশন আছে, তাঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। গ্যাসের তুলনায় ইনডাকশন সাশ্রয়ীও বটে। রান্না করতে একটু সময় বেশি লাগে বটে, তবে এই পরিস্থিতিতে গৃহিণীদের অন্যতম ভরসার পাত্র হল ইনডাকশন।

ইনডাকশনে রান্না করা সহজ হলেও এই বৈদ্যুতিক যন্ত্রের যত্ন ভাল করে না নিলে অল্প দিনেই বিগড়ে যেতে পারে। রোজের রান্না ইনডাকশনে করলে তার উপর ডালের জল, ভাতের ফ্যান, দুধ, মাছ-মাংসের ঝোল পড়বেই। এই দাগ শুকিয়ে গেলে পরিষ্কার করা কঠিন হয়ে পড়ে। এ ছাড়া ঠিকমতো পরিষ্কার না করলে বিগড়ে যেতে পারে প্যানেল সেটিংস। কী ভাবে পরিষ্কার করবেন এই যন্ত্র?

ভিনিগার

ভিনিগার দিয়ে ইনডাকশন পরিষ্কার করা খুব সহজ। প্রথমে শুকনো একটি কাপড় দিয়ে ইনডাকশনটি ভাল করে মুছে নিন। তার পর ভিনিগারে খানিকটা জল মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। মিশ্রণে কাপড় ভিজিয়ে ইনডাকশনের উপরটা মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে।

বেকিং সোডা

ইনডাকশন পরিষ্কার করতেই বেকিং সোডা ব্যবহার করতে পারেন অনায়াসে। ঈষদুষ্ণ গরমজলে খানিকটা বেকিং সোডা মিশিয়ে নিন। তার পর সুতির কাপড় অথবা তুলো মিশ্রণে ভিজিয়ে ইনডাকশনের উপর ভাল করে ঘষে নিন। ইনডাকশনের জেদি দাগ চলে যাবে।

বাসন মাজার তরল সাবান

বাসন পরিষ্কার করতে তরল সাবান ব্যবহার করেন অনেকেই। তবে এই সাবান ইনডাকশনে সরাসরি ব্যবহার না করাই ভাল। ঈষদুষ্ণ জলে খানিকটা তরল সাবান মিশিয়ে নিন। এই মিশ্রণটি ইনডাকশনে মাখিয়ে স্ক্রাবার দিয়ে ভাল করে ঘষে নিন। দেখবেন দাগ দূর হয়েছে। তবে দাগ যদি খুব কঠিন হয়, তা হলে মিশ্রণে খানিকটা বেকিং সোডা মিশিয়ে নিন।

কী কী মাথায় রাখবেন পরিষ্কারের সময়ে?

১) ইনডাকশন পরিষ্কার করার আগে সুইচ অফ করতে ভুলবেন না। সুইচবোর্ড থেকে প্লাগ খুলে নিয়ে তার পর কুকটপটি পরিষ্কার করুন।

২) রান্না শেষ করেই মুছতে যাবেন না। কুকটপটি সম্পূর্ণ ঠান্ডা হলে তবেই পরিষ্কার করুন।

৩) রোজ রোজ জলে ভিজিয়ে ইনডাকশন পরিষ্কার করার প্রয়োজন নেই। রোজের রান্নার পর শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই হবে। সপ্তাহে এক দিন ভাল করে পরিষ্কার করুন।

cleaning hacks
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy