Advertisement
E-Paper

কেবল টোনার নয়, বহুমুখী প্রতিভার অধিকারী গোলাপজল, ঘরোয়া কাজে ৫ ভাবে ব্যবহার করা যেতে পারে

রূপচর্চা থেকে শুরু করে ভাল ঘুমের সঙ্গী। গোলাপজলের ব্যবহার হতে পারে বহুমুখী। ঘরোয়া কাজেও নানা ভাবে সহায়ক হয়ে উঠতে পারে। জেনে নিন পন্থাগুলি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ২০:২৮
গোলাপজলের নানাবিধ ব্যবহার।

গোলাপজলের নানাবিধ ব্যবহার। ছবি: সংগৃহীত।

গোলাপজলের ব্যবহার যেন কেবল টোনারের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গিয়েছে। গোলাপজলে তুলো ভিজিয়ে মুখে মাখা ছাড়াও এর অনেক কার্যকারিতা রয়েছে। অথচ এই এক তরলই হয়ে উঠতে পারে রূপচর্চা থেকে শুরু করে ভাল ঘুমের সঙ্গী। গরমে ক্লান্ত ত্বককে শান্ত করা হোক বা চুলের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনা, গোলাপজলের ব্যবহার বহুমুখী। এতে রয়েছে প্রদাহ কমানোর এবং ত্বককে আর্দ্র রাখার ক্ষমতা। নানাবিধ ঘরোয়া কাজে সহায়ক হয়ে উঠতে পারে গোলাপজল।

রূপচর্চার পাশাপাশি আর কী ভাবে ব্যবহার করবেন গোলাপজল?

রূপচর্চার পাশাপাশি আর কী ভাবে ব্যবহার করবেন গোলাপজল? ছবি: সংগৃহীত

কী কী ভাবে ব্যবহার করা যেতে পারে?

১. ত্বকের পরিচর্যা: রোদের তেজে চোখমুখে ক্লান্তির ছাপ? নিস্তেজ হয়ে এসেছে ত্বক? ছোট স্প্রে বোতলে গোলাপজল ভরে মুখে ছিটিয়ে নিলেই মিলতে পারে আরাম। এটি ত্বককে ঠান্ডা রাখে, শুষ্কতা কমায় এবং ত্বকে এনে দেয় স্বাভাবিক ঔজ্জ্বল্য।

২. মেকআপের সঙ্গী: মেকআপ শুষ্ক হয়ে এলে মুখমণ্ডলের সাজ আরোপিত মনে হতে পারে। সে ক্ষেত্রে গোলাপজল স্প্রে করলে মেকআপ অনেক বেশি স্বাভাবিক হয়ে ওঠে। ত্বকে শিশিরের সিক্ত আভার ঝলক দেখা যায়। অনেকেই তাই মেকআপ সেট করার জন্যও ব্যবহার করেন গোলাপজল।

৩. কেশচর্চা: চুল রুক্ষ হয়ে গেলে গোলাপজল কাজে আসতে পারে। এটি মাথার ত্বককে শান্ত রাখে এবং চুলকে কোমল করে তুলতে পারে। কেউ কেউ শ্যাম্পুর আগে মাথার ত্বকে গোলাপজল ব্যবহার করেন। কেউ বা শ্যাম্পুর পরে লিভ-ইন সিরাম হিসাবে ব্যবহার করেন।

৪. সুনিদ্রার চাবিকাঠি: অনেকেই বালিশে অল্প গোলাপজল স্প্রে করে ঘুমোতে যান। গোলাপের গন্ধ মনকে শান্ত করতে সাহায্য করে বলে মনে করা হয়। সারা দিনের ক্লান্তির পরে এই ছোট্ট অভ্যাস ঘুমের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারে ঘরে। বাজারজাত রুম ফ্রেশনার বা ঘরের সুগন্ধি ব্যবহার না করে গোলাপজলেই ভরসা রাখতে পারেন।

৫. পানীয়ের সঙ্গী: শুধু রূপচর্চা নয়, খাবারেও ব্যবহার করা যায় গোলাপজল। শরবত, ফিরনি, পায়েস বা মিষ্টিতে কয়েক ফোঁটা গোলাপজল আলাদা সুগন্ধ এনে দেয়। তবে অবশ্যই খাওয়ার উপযোগী গোলাপজল ব্যবহার করতে হবে। তাতে যেন কোনও ভাবেই কৃত্রিম সুগন্ধি, রং মেশানো পণ্য ইত্যাদি না থাকে।

Rose Water for Skin Beauty Hacks
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy