অভিষেক ম্যাচে রান পায়নি। কিন্তু ভারত ‘এ’ দলের হয়ে দ্বিতীয় ম্যাচে চেনা ছন্দে দেখা গেল বৈভব সূর্যবংশীকে। বৃহস্পতিবার শ্রীলঙ্কার মাটিতে আফগানিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে ২২ বলে ৪৪ রানের ইনিংস খেলল বৈভব।
শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে তিনটি চার মেরে ১৪ রানে আউট হয়ে গিয়েছিল বৈভব। আফগানিস্তানের বিরুদ্ধেও শুরু থেকে হাত খুলে মারতে থাকে ১৫ বছরের ক্রিকেটার। পেসের বিরুদ্ধে সাবলীল দেখায় তাকে। ২১ বলে ৯টি চার মারে বাঁহাতি ব্যাটার। দেখে মনে হচ্ছিল, ভারত ‘এ’ দলের হয়ে প্রথম অর্ধশতরান সময়ের অপেক্ষা। তখনই ছন্দপতন।
আবদুল্লা আহমেদজ়াইয়ের বল হালকা হাতে থার্ডম্যান অঞ্চলে খেলার চেষ্টা করে বৈভব। কিন্তু ব্যাটের কানায় লেগে বল যায় পিছনে। ক্যাচ ধরেন ইশাক রহিমি। ২২ বলে ৪৪ রান করে ফেরে বৈভব। অর্ধশতরান করতে না পারলেও ৯ চারের সাহায্যে তার ঝোড়ো ইনিংস স্বস্তি দেবে ভারতকে।
আরও পড়ুন:
চলতি বছরের আইপিএল থেকে ছন্দে রয়েছে বৈভব। আইপিএলে সকলকে ছাপিয়ে সর্বাধিক রান করে কমলা টুপি পেয়েছে সে। প্রতিযোগিতায় সবচেয়ে বেশি স্ট্রাইক রেট, সবচেয়ে মূল্যবান ক্রিকেটারের পুরস্কার জিতেছে বিহারের ছেলে। বৈভব এ বার মেরেছে ৭২ ছক্কা। আইপিএলের এক মরসুমে সবচেয়ে বেশি ছক্কার নিরিখে শীর্ষে সে। ভেঙে দিয়েছে ক্রিস গেলের ৫৯ ছক্কার রেকর্ড।
আইপিএলে বৈভবের পারফরম্যান্স দেখে বিশেষজ্ঞেরা তাকে ভারতের বড়দের দলে নেওয়ার কথা বলেছেন। বোর্ডও সেই ভাবনাই করেছে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ় এবং এশিয়ান গেমসের দলে তাকে নেওয়া হয়েছে। যদি আয়ারল্যান্ডে বৈভবের অভিষেক হয়, তা হলে ভারতের জার্সিতে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে সবচেয়ে কম বয়সি ক্রিকেটার হিসাবে অভিষেক হবে বৈভবের। তার আগে নিজেকে তৈরি করছে সে। এই ইনিংস আত্মবিশ্বাস বাড়াবে বৈভবের।