সুগন্ধী ভাত আছে। রয়েছে ভারতের এক প্রাদেশিক ‘রুটি’ও। অথচ ভারতীয় মধ্যাহ্নভোজের টেবিলে ভাত-রুটির সঙ্গে যেমন ডাল-তরকারি থাকে, তার দেখা নেই!
দিল্লিতে আয়োজিত এআই সম্মেলনে আসা বিদেশি অতিথিদের জন্য এমনই এক ‘অন্য রকম’ মেনু সাজালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার সবটাই নিরামিষ এবং যা খেলে ‘অ্যালার্জি হওয়ার আশঙ্কা’ নেই বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর।
অতিথিকে দেবতা জ্ঞানে আপ্যায়ন করার রীতিতে বিশ্বাসী ভারত। সেই রীতি মেনেই বিদেশ থেকে আসা রাজনৈতিক অতিথিদের ইদানীং ভারতের বিপুল নিরামিষ খাবারের সম্ভার সাজিয়ে দেওয়া হয়। আগে এদেশে আগত বিদেশি রাষ্ট্রনেতাদের আমিষ খাওয়ানোর হত না তা নয়। কিন্তু মোদী তাঁর আমলে ভারতের নিরামিষ প্রেমকেই বিদেশের সামনে তুলে ধরতে চেয়েছেন বরাবর। এ বার অবশ্য তিনি দেখালেন ভারতীয় নিরামিষ ভোজ্যে অ্যালার্জির আশঙ্কাও কম।
নিরামিষ খাবারে সাধারণত দুধ এবং দুগ্ধজাত খাবার— যেমন ঘি, মাখন, দই, পনির, ছানা, চিজ়-এর ব্যবহার হয় বেশি। ব্যবহার হয় গম থেকে তৈরি সুজি, ময়দা এবং আটা। থাকে কাজু, পেস্তা, কাঠবাদাম, আখরোটের প্রয়োগ। এই সবক’টিই কিছু মানুষের শরীরে অ্যালার্জির সমস্যা বাড়িয়ে দিতে পারে। বৃহস্পতিবার মধ্যাহ্নভোজে এর কোনওটিই ছিল না। কারণ, দুধ, গম, বাদামের মতো খাবার অ্যালার্জির অনুঘটক। অবশ্য ডাল, তরকারি মেনুতে দেখা গেল না কেন, তা স্পষ্ট নয়।
বৃহস্পতিবার দিল্লির ভারত মণ্ডপে এআই সম্মেলনে হাজির ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, ছিলেন বিশ্বের বড় বড় প্রযুক্তি সংস্থার প্রধানেরা। গুগলের সুন্দর পিচাই থেকে শুরু করে, ওপেন এআই-এর স্যাম অল্টম্যান-সহ আরও অনেকে। মোদীর বিশেষ মধ্যাহ্নভোজে তাঁদের যে খাবার পরিবেশন করা হয়েছে, তারই মেনু প্রকাশ্যে এসেছে।
কী কী ছিল মেনুতে?
প্রথম পাতে
১। নিমোনা কবাব: কড়াইশুঁটি বেটে হিং এবং জিরের মশলা দিয়ে কষিয়ে ছোট ছোট টিক্কি বানিয়ে প্যানফ্রাই করা কবাব। এটি বিহার এবং উত্তরপ্রদেশে জনপ্রিয়।
২। খাম খাটাই: সবুজ মুগ ডাল দিয়ে তৈরি প্যাটি, যার ভিতরে রয়েছে আমের মিষ্টি চাটনির স্বাদও। মুখে দিলেই গলে যাওয়া এই পদ উত্তর ভারতের অওয়ধী খানার ফসল।
৩। কাশ্মীরি নাদরু কুরকুরি: আসলে পদ্মের মৃণাল ভাজা। সরু গোল চিপসের মতো করে কেটে তাকে বেসনে ডুবিয়ে ডুবো তেলে ভাজা হয়। এই খাবার কাশ্মীরে স্ন্যাকস হিসাবে খাওয়া হয়।
মূল খাবার
৪। জাফরানি সব্জি পোলাও: নবাবী খাবার। মরসুমি নানা সব্জি দিয়ে সুগন্ধী ভাত। তাতে জাফরানের রং এবং সুবাস। এ খাবার জনপ্রিয় হায়দরাবাদে।
৫। থেপলা: মোদীর নিজের রাজ্য গুজরাতের খাবার। আসলে বেসন দিয়ে তৈরি রুটি, যাতে মশলা হিসাবে দেওয়া হয় মেথি, আদা, কাঁচা লঙ্কা বাটা, জিরে ইত্যাদি। বেসনের বদলে অনেক সময় জোয়ার বা বাজরা দিয়েও বানানো হয় এই গুজরাতি রুটি।
৬। তন্দুরি স্যালাড: টম্যাটো, রঙিন ক্যাপসিকাম বা বেল পেপার, আনারস এক সঙ্গে মশলা দিয়ে মেখে গ্রিল করে নেওয়া।
শেষ পাতে
৭। গোলাপ এবং নারকেলের পুডিং: নারকেলের দুধ, গোলাপের পাপড়ি আর রাগি দিয়ে তৈরি পুডিং। এর বিশেষত্ব স্বাদে তো বটেই, তবে তার চেয়েও বেশি উজ্জ্বল গোলাপি রং আর তাজা গোলাপের গন্ধে।
৮। রামদানা আঞ্জির লাড্ডু: অমরন্থের দানা, বালিতে ভাজা মিলেট এবং আঞ্জিরের সঙ্গে গুড় মিশিয়ে তৈরি মিষ্টি।