নতুন চমক আসছে হোয়াট্সঅ্যাপে। গোপন তথ্য আর থাকবে না চ্যাট বাক্সে। হোয়াট্সঅ্যাপ তা মনেও রাখবে না। মেসেজ পড়ার ঠিক ১৫ মিনিটের মাথায় সেটি চ্যাট থেকে মুছে যাবে নিজে নিজেই।
হোয়াটস্অ্যাপ তাদের ব্যবহারকারীদের সুরক্ষায় প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে আসছে। এ বার চ্যাট মুছে দেওয়ার অপশন নিয়ে নতুন করে পরীক্ষানিরীক্ষা শুরু হয়েছে। চ্যাটে যা যা ব্যক্তিগত মেসেজ করছেন, তা আর নিজে মোছার প্রয়োজন নেই। হোয়াট্সঅ্যাপই দায়িত্ব নিয়ে মেসেজ ‘ডিলিট’ করে দেবে। এই ফিচারের নাম দেওয়া হয়েছে, ‘আফটার রিডিং’।
এমন অনেক সময়ে হয়, ব্যক্তিগত ও গোপনীয় কিছু চ্যাট পরে মুছে দেবেন ভেবে ভুলে গিয়েছেন। আর সেটি পরবর্তী সময়ে সকলের সামনে চলে এসেছে। এই বিষয়টি নিয়ে অপ্রস্তুত অবস্থায় পড়তে হয় মাঝেমধ্যেই। এই সমস্যা এ বার দূর হবে নতুন ফিচারে। অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২৬.১২.২-তে এই ফিচারটি নিয়ে কাজ চলছে।
আরও পড়ুন:
নতুন ফিচারটি কী ভাবে কাজ করবে?
অটো ডিলিট টাইমার সেট করা থাকবে। ব্যক্তিগত চ্যাটে কথোপকথনের পরেই কাউন্টডাউন শুরু হয়ে যাবে। যে মেসেজটি পড়ে ফেলবেন, সেটি ১৫ মিনিটের মাথায় নিজে থেকেই চিরতরে মুছে যাবে। প্রেরক ও প্রাপক—উভয়ের চ্যাট বাক্স থেকেই মুছে যাবে মেসেজটি। ফলে উভয়েরই গোপনীয়তা বজায় থাকবে।
প্রাপক যদি মেসেজটি না খোলেন, তবে সেটি সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত চ্যাটে থাকবে। তার পরে মুছে যাবে। অনেকেই হোয়াটস্অ্যাপে ‘ব্লু টিক’ বন্ধ করে রাখেন যাতে অন্য কেউ বুঝতে না পারেন যে তিনি মেসেজটি পড়েছেন। মজার ব্যাপার হল, ‘ব্লু টিক’ বন্ধ থাকলেও এই ফিচারটি কাজ করবে। হোয়াটস্অ্যাপ নিজে থেকে শনাক্ত করতে পারবে মেসেজটি কখন পড়া হয়েছে এবং সেই অনুযায়ী ১৫ মিনিটের টাইমার শুরু করে দেবে।
বর্তমানে হোয়াটস্অ্যাপে ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৯০ দিনের জন্য ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ অপশন রয়েছে। এতে মেসেজ দীর্ঘ সময় পর্যন্ত চ্যাটে থেকে যায়। ওটিপি, পাসওয়ার্ড বা ব্যাঙ্কের তথ্য যদি চ্যাটে থাকে, তা হলে মেসেজ মুছে যাওয়ার পরেও তা হোয়াট্সঅ্যাপের স্মৃতিতে থেকে যায়। কিন্তু নতুন ফিচারটিতে তা হবে না। স্বল্প সময়ের মধ্যে হোয়াট্সঅ্যাপের মেমরি থেকেও সেটি চিরতরে মুছে যাবে। এতে গ্রাহকের নিরাপত্তা আরও জোরদার হবে।