অস্ত্রোপচারের ওয়ার্কশপ। সরাসরি গোটা পর্ব দেখানো হবে ডাক্তারদের। এইমসের চিকিৎসকরা বেছে নিয়েছিলেন বছর ৬২-র শোভা রামকে। তিনি হেপাটাইটিস বি-র রোগী ছিলেন। পরে লিভার সিরোসিস, লিভার ক্যানসারে আক্রান্ত হন। কিন্তু গত ৩১ জুলাই অস্ত্রোপচার চলাকালীনই মৃত্যু হল শোভার। ওয়ার্কশপে এ ভাবে এক রোগীর মৃত্যুতে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। অস্ত্রোপচার করেছিলেন জাপানের ‘টোকিও মেট্রোপলিটন ক্যানসার অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস সেন্টার’-এর শল্যচিকিৎসক গোরো হন্ডা। তিনিই ঠিক করেন, ল্যাপ্রোস্কোপিক পদ্ধতিতে অস্ত্রোপচার করা হবে। সাত ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। কিন্তু হঠাৎই রক্তপাত শুরু হয়। ডাক্তারদের বক্তব্য, ‘‘এ ধরনের অস্ত্রোপচারে রক্তপাতের আশঙ্কা থাকে। রক্তপাত থামাতে যা যা করা সম্ভব, সবই করা হয়েছিল। অনেকটা কমেও ছিল। রোগীকে দ্রুত আইসিইউ-এ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ঘণ্টা দেড়েক পরে মৃত্যু হয় রোগীর।’’