Advertisement
E-Paper

বাজেটে ঋণ বাড়লে সুদ বাড়বে, খরচ বাড়লে উঠতে পারে শেয়ার বাজার

পাশাপাশি রয়েছে প্রতিরক্ষা খাতে খরচ আর অত্যাবশ্যকীয় আমদানি। সব মিলিয়ে সরকারের আয়ের প্রায় ৭০ শতাংশ এই সব খাতে খরচ হওয়ার পরে পড়ে থাকে ৩০ শতাংশ। যা উন্নয়ন খাতে খরচের জন্য। তাই সরকারকে হয়তো আরও ঋণের রাস্তায় হাঁটতে হতে পারে।

প্রসূনজিত মুখোপাধ্যায়

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ ১৬:২২
কর বাড়বে না কমবে?

কর বাড়বে না কমবে?

জানুয়ারির শেষ থেকেই শুরু হয়ে যাবে বাজেট নিয়ে কচকচি। টেলিভিশন হোক বা সংবাদপত্র, চার দিকে পুজোর মতোই বাজেট বাজেট গন্ধ। কর বাড়বে না কমবে? বাড়লে কিসে? কমলে তা-ও বা কিসে? যে সব পণ্যে কর বাড়বে, তা দিয়ে কি আমাদের সংসার খরচ বাড়বে? বাড়া-কমা মিলিয়ে কী রকম চাপ পড়বে আমাদের পকেটে? আমাদের উপকার হবে, না সরকারেরই শুধু লাভ? মাথায় রাখুন সরকার কী ভাবে খরচ করে, তা দিয়ে কিন্তু আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ লাভ-ক্ষতির অঙ্ক তৈরি হয়।

বাজেটে গোটা বছরে খাত ধরে কত টাকা কেন্দ্রীয় সরকার খরচ করবে, তার অঙ্ক কষা থাকে। এর মাধ্যমে শিক্ষা থেকে স্বাস্থ্য, রাস্তা থেকে রেল- সব মিলিয়ে উন্নয়নের ক্ষেত্রে সরকারের নজর কোন দিকে, তার একটা আন্দাজ পাওয়া যায়। আর সেই ভাবনার উপরে চোখ থাকে শেয়ার বাজারেরও। শেয়ার বাজার যদি মনে করে, এই বাজেটের ফলে দেশের বাজার বাড়বে, তা হলে প্রভাব পড়বে শেয়ারের দামে। লাভ হবে আপনারও। তবে এখন চাপ একটাই। সরকারের ঘাড়ে মাইনের দায় আর ঋণ বাবদ সুদের বোঝা বিশাল। তাই কর চাপিয়ে আয় করে, সেই আয় থেকে কতটা উন্নয়নের খাতে ব্যয় সরকার বাড়াতে পারবে, তা নিয়ে একটা সংশয়ের জায়গা তৈরি হয়েই গিয়েছে।

পাশাপাশি রয়েছে প্রতিরক্ষা খাতে খরচ আর অত্যাবশ্যকীয় আমদানি। সব মিলিয়ে সরকারের আয়ের প্রায় ৭০ শতাংশ এই সব খাতে খরচ হওয়ার পরে পড়ে থাকে ৩০ শতাংশ। যা উন্নয়ন খাতে খরচের জন্য। তাই সরকারকে হয়তো আরও ঋণের রাস্তায় হাঁটতে হতে পারে। আর সরকার বাজার থেকে আরও ঋণ নিলে সুদের হার বাড়বে। কারণ, সরকারের ঋণের চাহিদা বাড়লে বাজারেও ঋণের চাহিদা বাড়বে। আমরা জানি কোনও কিছুর চাহিদা বাড়লে তার দাম বাড়ে। ঋণও তার ব্যতিক্রম নয়। আর ঋণের দাম হল সুদ!

পাশাপাশি, মাথায় রাখুন, আপনি যে সঞ্চয় করেন কর ছাড় পেতে, তাও এই বাজেটের অংশ। তাই বাজেট কিন্তু আপনাকে সঞ্চয়ের রাস্তাতেও জোর করে হাঁটায়। কারণ, কর ছাড় পেতে আপনি যে টাকা সরিয়ে রাখেন, তা-ও আপনার সঞ্চয়ই। তাই আপনিও কিন্তু মুখিয়ে থাকেন ৮০ সি বা অন্য খাতে ছাড় কতটা বাড়ল, তা দেখতে।

মূল কথাটা হল সরকারের খরচ এবং আয়ের রাস্তা আপনাকে শুধু সঞ্চয়ের রাস্তায় হাঁটতে বাধ্য করে তাই নয়, আপনার সঞ্চয়ের প্রবণতাও নির্ধারণ করে অনেকটাই।

প্রতিবেদক সঞ্চয় উপদেষ্টা। বক্তব্য নিজস্ব।

বিশেষজ্ঞদের কাছে সমাধান খুঁজতে সঞ্চয় নিয়ে আমাদের প্রশ্ন পাঠান — takatalk2023@abpdigital.in এই ঠিকানায় বা হোয়াটস অ্যাপ করুন এই নম্বরে — ৮৫৮৩৮৫৮৫৫২আপনার আয়, খরচ এবং সঞ্চয় জানাতে ভুলবেন না। পরিচয় গোপন রাখতে চাইলে অবশ্যই জানান।

Personal Finance 2023 Tax Budget Financial Adviser
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy