বড়দিনের উৎসবের আলোর রোশনাইতে সেজে উঠেছে শহরের নানা প্রান্ত। মাথায় সান্তাক্লজ়ের লাল টুপি, পরনে রঙিন পোশাক— উৎসব উদ্যাপনে মেতে উঠেছে বাঙালি। কেকের দোকানে লাইন দিয়ে চলছে পছন্দসই কেক কেনার পালা। ক্রিসমাসের দিন অনেকেই নানা পরিকল্পনা করেছেন। অনেকে বাড়িতেই বড়দিনের পার্টির আয়োজন করেছেন। বন্ধুবান্ধব আসবেন। হাতে আর সময় বেশি নেই। বড়দিনের পার্টি মানেই ঘর সাজানোয় বেশি সময় দিতে হবে। সেই মুখরোচক রকমারি কিছু স্ন্যাকসের আয়োজন করতে হবে। সঙ্গে আবার স্বাস্থ্যসচেতন বন্ধুদের কথাও ভাবতে হবে বইকি। উৎসবের একটা বড় অংশ জুড়ে রয়েছে খাওয়াদাওয়া। বড়দিনের পার্টিতে অতিথির মন জয় করতে কী কী স্ন্যাকস রাখতে পারেন, রইল হদিস।
কর্ন নাচোজ চাট
বাজার থেকে রোস্টেড কর্ন নাচোজের প্যাকেট কিনে আনতে পারেন। এ বার একটি থালায় কর্ন নাচোজ সাজিয়ে তার উপর পেঁয়াজকুচি, শশাকুচি, টম্যাটোকুচি, লেবুর রস, চাটমশলা ছড়িয়ে দিন। গ্রিক ইয়োগার্টের সঙ্গে পরিবেশন করুন কর্ন নাচোজ চাট।
রাঙা আলুর চাট
উত্তর ভারতে দারুণ প্রসিদ্ধ এই চাট। স্বাদ ও পুষ্টি দুই-ই মিলবে এই খাবারে। রাঙাআলু সিদ্ধ করে টুকরো টুকরো করে কেটে সামান্য সাদা তেল মাখিয়ে এয়ার ফ্রায়ারে লাল লাল করে ভেজে নিন। তার পর একটি পাত্রে ভাজা রাঙা আলু নিয়ে স্বাদমতো নুন, চাটমশলা, গোলমরিচ, ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
চিকেন টিক্কা
বাজার থেকে নয়, বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এই কবাব। হাড় ছাড়া চিকেনের টুকরো একটি পাত্রে নিয়ে তাতে জল ঝরানো টক দই, ছাতু, সর্ষের তেল, দরকারমতো নুন, হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, গোলমরিচ, চাট মশলা দিয়ে দুই থেকে তিন ঘণ্টা মাখিয়ে রাখুন। তার পর তাওয়াটি ভাল করে গরম করে অল্প তেল কিংবা মাখনে ভেজে নিলেই তৈরি দারুণ সুস্বাদু কবাব।
কর্ন পাপড়ি চাট
ভুট্টার দানা ছাড়িয়ে সামান্য নুন দিয়ে সিদ্ধ করে নিন। আবার একটি পাত্রে সিদ্ধ ভুট্টা, সামান্য মাখন, স্বাদমতো নুন, লঙ্কাগুঁড়ো, চাটমশলা, গোলমরিচ আর লেবুর রস দিয়ে ভাল করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কর্ন চাট। এ বার একটি থালার উপর পাপড়ি সাজিয়ে তার উপর তার উপর কর্ন চাট ছড়িয়ে দিন। উপর থেকে ছড়িয়ে দিন টক-ঝাল-মিষ্টি চাটনি।
রাগড়া প্যাটি
মুম্বইয়ের জনপ্রিয় এই স্ট্রিট ফুড আপনি সহজেই আপনার হেঁশেলে বানিয়ে ফেলতে পারেন। আলু সিদ্ধ করে তাতে স্বাদমতো নুন, লঙ্কাগুঁড়ো, গোলমরিচ, চাট মশলা, ধনেপাতা, শুকনো আদার গুঁড়ো মিশিয়ে নিন। আবার টিক্কির আকারে গড়ে নিয়ে অল্প লেতে স্যালো ফ্রাই করুন। একটি প্লেটে সেই আলুর টিক্কি রেখে তার উপর ঘুগনি, ঠান্ডা দই, ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনি, ভাজা মশলা আর ঝুরিভাজা ছড়িয়ে পরিবেশন করুন। জমে যাবে আপনার পার্টির মেজাজ।