ওজন কমানোর সফরে সবচেয়ে বড় বাধা হল হুটহাট মিষ্টি খেয়ে ফেলা। ডায়েট করার সময়ে অনেকেই ওই ইচ্ছে দমন করতে পারেন না। সারা দিন ডায়েট বজায় রাখলেও মিষ্টি দেখলে সামলাতে পারেন না। তাই শেষমেশ ডায়েট করার চেষ্টাতেই ক্ষান্তি দেন। তবে বাড়িতে যদি এমন একটি ব্রাউনি বানিয়ে রাখা যায়, যা ডায়েট করেও খেতে পারেন, তা হলে কেমন হয়? রইল স্বাস্থ্যকর ফাজ ব্রাউনির সহজ রেসিপি।
উপকরণ:
১ কাপ ছোলা (সেদ্ধ করা)
১ কাপ খেজুর
৪ টেবিল চামচ কোকো পাউডার
১ চা চামচ ভ্যানিলা এসেন্স
১ চিমটে নুন
১০০ গ্রাম ডার্ক চকোলেট
৫-৬টি আমন্ড
প্রণালী:
প্রথমে একটি মিক্সারে সেদ্ধ ছোলা, ভেজানো খেজুর, কোকো পাউডার, ভ্যানিলা এসেন্স আর নুন দিয়ে ভাল করে বেটে নিন। এ বার একটি কাচের কানাউঁচু পাত্রের উপর বাটার পেপার রেখে তার উপর মিশ্রণটি ঢেলে দিন। মিশ্রণের উপরিভাগ চামচ দিয়ে সমান করে নিন। এ বার ডার্ক চকোলেট গলিয়ে নিয়ে তার বানিয়ে রাখা মিশ্রণের উপরে ঢেলে দিন। উপর থেকে কুচোনো কাঠবাদাম ছড়িয়ে দিন। ঘণ্টা খানেক ফ্রিজ়ারে রাখুন। ফ্রিজ়ার থেকে বার করে চৌকো চৌকো করে কেটে পরিবেশন করুন স্বাস্থ্যকর ফাজ ব্রাউনি।