বিশ্বকাপে বুঁদ ফুটবলপ্রেমীরা। এর মধ্যেই নতুন মরসুমের প্রথম কলকাতা ডার্বির ঘোষণা হয়ে গেল। ডুরান্ড কাপের গ্রুপ পর্বেই মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। পাঁচটি শহরে ২৪টি দলকে নিয়ে হবে এ বারের প্রতিযোগিতা। ২৫ জুলাই শুরু হয়ে ডুরান্ড কাপ শেষ হবে ২৩ অগস্ট।
এ বারের ডুরান্ড কাপে আইএসএল, আই লিগ, সামরিক বাহিনীর একাধিক দল ছাড়াও অংশ নেবে কয়েকটি বিদেশি দল। শ্রীলঙ্কার সেনাবাহিনীর ফুটবল দল ডিফেন্ডার্স এফসিও খেলবে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান রয়েছে একই গ্রুপে। সিআইএসএফ প্রোটেক্টর্স, সাউথ এফসি ইউনাইটেডের সঙ্গে গ্রুপ ‘এ’তে রয়েছে কলকাতার দুই প্রধান। কবে দুই প্রধান মুখোমুখি হবে, তা অবশ্য জানা যায়নি। ডুরান্ডের গ্রুপ বিন্যাস সম্পন্ন হলেও সূচি প্রকাশ করেননি আয়োজকেরা।
মনে করা হচ্ছে, কলকাতা ডার্বি নিশ্চিত করতেই ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে এ বার এক গ্রুপে রাখা হয়েছে। গত বছর ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল লাল-হলুদ এবং সবুজ-মেরুন শিবির। ২-১ ব্যবধানে জিতেছিল ইস্টবেঙ্গল। উল্লেখ্য ২০২৪ সালের ডার্বি আরজি কর কাণ্ডের জেরে বাতিল হয়ে যায়।
আরও পড়ুন:
কলকাতা ছাড়াও রাঁচী, ইম্ফল, শিলং এবং গুয়াহাটিতে হবে ডুরান্ড কাপের ম্যাচগুলি। ফাইনাল হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে।