Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_04-05-26

বাইরে লঙ্কা ভিতরে চিংড়ি! মুচমুচে কিন্তু স্বাস্থ্যকর চিংড়ি-লঙ্কার দোলমা খাইয়ে চমকে দিন ভোজনরসিকদের

দোলমা বললে পটলের দোলমার কথাই মনে পড়ে। সেটি খেতে সুস্বাদু, সন্দেহ নেই। কিন্তু এই রান্নাটি তার চেয়েও বেশি সুস্বাদু লাগতে পারে। তাই আগে থেকে বুঝে তার পরেই শিখুন। হতেই পারে শেখার পরে এটিই বার বার বানাতে ইচ্ছে হল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৩:০৫
মুচমুচে চিংড়ি-লঙ্কার দোলমার সঙ্গে চিলি গার্লিক মেয়ো!

মুচমুচে চিংড়ি-লঙ্কার দোলমার সঙ্গে চিলি গার্লিক মেয়ো! ছবি: এআই সহায়তায় প্রণীত।

বাঙালি রান্নার নানা ধরনের পদ্ধতি— ছেঁচকি, ভাপা, চচ্চড়ি, ঘণ্টের মতো দোলমাও একটি। যে পদ্ধতিতে কোনও সব্জির ভিতরে মাছ, মাংস অথবা ছানা, নারকেল ইত্যাদির পুর ভরে ভেজে নেওয়া হয়। এর পরে কেউ সেই পুরভরা সব্জি বা দোলমাটিকে মশলার মাখো মাখো ঝালে ফেলতেই পারেন। তবে সেটি পুরোপুরি ঐচ্ছিক। না চাইলেও দোলমার কুলীনত্ব এক চুল নড়বে না। এই রান্না সেই ভাবনাকে মাথায় রেখেই তৈরি। তবে তাতে খানিক মোচড় এনে একে বানিয়ে তোলা হয়েছে এ যুগের জলখাবারের মতো করে।

বাড়িতে অতিথি এলে ফিশফ্রাই, ফিশফিঙ্গার, ভেজিটেবল বা মাছের চপ সাজিয়ে দেন অনেকেই। এই রান্নাটি তার আরও ভাল বিকল্প হতে পারে। আর সবচেয়ে ভাল বিষয় হল এটি বানানো সহজ আর চাইলে স্বাস্থ্যকর ভাবেও বানানো যায়। বাইরের আবরণের জন্য বেসন বা ময়দা লাগবে না। বাজারে যে বড় বড় আচারি লঙ্কা পাওয়া যায়, তার ভিতরেই পুর ভরে এয়ারফ্রাই করে নিলে। এ খাবার স্বাদের সঙ্গে বিন্দুমাত্র আপেস না করে স্বাস্থ্যকর হতে পারে। তবে চাইলে চেনা পদ্ধতিতে কড়াইয়ে তেল দিয়ে মুচমুচে করে ভেজে তুলতেও পারেন।

কী ভাবে বানাবেন?

উপকরণ#

পুর তৈরির জন্য—

১৫০ গ্রাম চিংড়ি মাছের কিমা

১টি ফেটানো ডিম অর্ধেকটা কিমায় মেশানোর জন্য, বাকিটা কোটিংয়ের

জন্য।

২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার

১ টেবিল চামচ লাইট সয়া সস

১ চা চামচ আদা কুচি

২ চা চামচ মিহি করে কুচোনো রসুন

১-২ চা চামচ গোলমরিচ গুঁড়ো

২ টেবিল চামচ কুচোনো পেঁয়াজপাতা

স্বাদমতো নুন

কোটিংয়ের জন্য—

৬-৭টি বড় আচারি লঙ্কা

প্রয়োজনমতো ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো

সামান্য তেল

প্রণালী

১. একটি পাত্রে ১৫০ গ্রাম চিংড়ি মাছের কিমা, ২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার, ১ টেবিল চামচ লাইট সয়া সস, গোলমরিচ গুঁড়ো, ২ টেবিল চামচ কুচোনো পেঁয়াজপাতা, আদা-রসুন কুচি, স্বাদমতো নুন এবং ফেটিয়ে রাখা ডিমের অর্ধেকটা দিয়ে খুব ভালো করে মেখে নিন।

২. আচারি লঙ্কাগুলো লম্বালম্বি চিরে নিন। চামচের উল্টো পিঠ দিয়ে ভিতরের সব দানা ও সাদা অংশ বের করে পরিষ্কার করে নিন যাতে ঝাল না লাগে এবং পুর ভরার জায়গা হয়।

৩. এ বার পরিষ্কার করা লঙ্কাগুলোর ভেতরে তৈরি করে রাখা চিংড়ির মিশ্রণটি চেপে চেপে ভরে দিন। খেয়াল রাখবেন পুর যেন বাইরে বেরিয়ে না আসে।

৪. পুর ভরা লঙ্কাগুলোকে প্রথমে বাকি অর্ধেক ফেটানো ডিমে চুবিয়ে নিন, তার পরে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়োয় ভালো করে মাখিয়ে নিন। মুচমুচে ভাব বেশি চাইলে দু’বার কোটিং করতে পারেন।

৫. লঙ্কাগুলোর উপর সামান্য তেল ব্রাশ করে বা স্প্রে করে এয়ার ফ্রায়ারে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রি-হিট করে লঙ্কাগুলো ভেতরে সাজিয়ে দিন। ১০-১২ মিনিট এয়ার ফ্রাই করুন যত ক্ষণ না বাইরের আবরণটি সোনালি ও মুচমুচে হচ্ছে। অথবা চাইলে তেলে ভেজে নিতেও পারেন।

৬. এমন একটা মুচমুচে খাবার ডিপ বা ডুবিয়ে খাওয়ার সুস্বাদু সস ছাড়া পরিবেশন করলে স্বাদ অপূর্ণ থেকে যাবে। চিলি গার্লিক মেয়ো ডিপের সঙ্গে পরিবেশন করতে পারেন। রেসিপি দেখে নিন।

চিলি গার্লিক মেয়ো ডিপ বানানোর পদ্ধতি

উপকরণ:

৩ টেবিল চামচ মেয়োনিজ

১ টেবিল চামচ টমেটো কেচাপ

১ কোয়া রসুন—খুব মিহি করে কোরানো

১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো

১/২ চা চামচ পাতিলেবুর রস বা ভিনিগার

সামান্য চিলি ফ্লেক্স যদি ঝাল পছন্দ করেন।

প্রণালী

একটি ছোট বাটিতে উপরের সব উপকরণ এক সঙ্গে নিন। চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন যত ক্ষণ না এটি একটি মসৃণ সস তৈরি হচ্ছে। তা হলেই তৈরি হয়ে যাবে গার্লিক-মেয়ো ডিপ।

Prawn Staffed Chilli bite Chingri Lonkar Dolma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy