Advertisement
E-Paper

রান্নায় পেঁয়াজ তো ব্যবহার করেন, কোন পদে কী ভাবে পেঁয়াজ দিলে স্বাদ বাড়বে, তা জানতেন?

বিভিন্ন পদের ক্ষেত্রে রান্নায় ব্যবহার করা পেঁয়াজের আকারের পরিবর্তন হয়। কোন ধরনের রান্নায় কী ভাবে পেঁয়াজ কেটে দিলে স্বাদের বদল ঘটবে?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ ১৯:৫১
বিভিন্ন পদের ক্ষেত্রে রান্নায় ব্যবহার করা পেঁয়াজের আকারের পরিবর্তন হয়।

বিভিন্ন পদের ক্ষেত্রে রান্নায় ব্যবহার করা পেঁয়াজের আকারের পরিবর্তন হয়। ছবি: সংগৃহীত

আমিষ রান্নার একটি অপরিহার্য উপাদান হল পেঁয়াজ। রান্নার স্বাদ, বর্ণ এবং গন্ধ বেড়ে যায় পেঁয়াজের গুণে। মাছ কিংবা মাংস রান্নার স্বাদ কেমন হবে, তা অনেকটাই নির্ভর করে পেঁয়াজের পরিমাণের উপর। তবে শুধু যে পরিমাণ তা কিন্তু নয়, কী ভাবে পেঁয়াজ কাটছেন, সেটাও খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন পদের ক্ষেত্রে রান্নায় ব্যবহার করা পেঁয়াজের আকারের পরিবর্তন হয়। চিলি চিকেন রান্নাতে যে ভাবে পেঁয়াজ কেটে দেবেন, স্বাভাবিক ভাবেই মাছের ঝোলে দেওয়া পেঁয়াজের আকৃতি একই রকম হবে না। কোন ধরনের রান্নায় কী ভাবে পেঁয়াজ কেটে দিতে পারেন?

পেঁয়াজ কুচি

ঝালমুড়ি, পাপড়িচাটের মতো মুখরোচক খাবারে পেঁয়াজ কুচি ব্যবহার করা হয়। কারণ, এত ছোট করে কাটা পেঁয়াজ রান্নায় দিলে সমস্যা হয়। কষানোর সময়ে তা গলে যায়। তবে রায়তা, স্যুপ, চিকেন বলের মতো খাবার বানানোর সময়ে পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন।

মিহি করে কাটা পেঁয়াজ

মাছের ঝোল কিংবা মাংস— অধিকাংশ রান্নাতেই এ ভাবে পেঁয়াজ কেটে দেওয়া হয়। আবার মাংস রান্নার ক্ষেত্রে অনেকেই একটু বড় বড় করে পেঁয়াজ কেটে দিতে ভালবাসেন। তাতে মাংসের ঝোল একটু বেশি মাখো মাখো হয় বটে। তবে চৌকো করে কাটা পেঁয়াজ অনেক বেশি সুবিধাজনক। রান্নার সঙ্গে সহজেই মিশে যায় এ ধরনের পেঁয়াজ। এতে রান্নার স্বাদ আরও বেশি ভাল হয়।

মাংস রান্নার স্বাদ কেমন হবে, তা অনেকটাই নির্ভর করে পেঁয়াজের পরিমাণের উপর।

মাংস রান্নার স্বাদ কেমন হবে, তা অনেকটাই নির্ভর করে পেঁয়াজের পরিমাণের উপর। ছবি: সংগৃহীত

গোল করে কাটা পেঁয়াজ

বার্গার, স্যান্ডউইচে দেওয়ার জন্য গোল করে কাটা পেঁয়াজ উপযুক্ত। একটি বার্গারে এ ভাবে কাটা পেঁয়াজ পাশাপাশি বসিয়ে দিলে প্রতিটি কামড়েই পেঁয়াজের স্বাদ পাওয়া যায়। মুখের মধ্যে পেঁয়াজ আর বার্গার মিলেমিশে যেন জাদু তৈরি হয়। এ ছাড়া স্যালাডে পেঁয়াজ রাখলে এ ভাবে কাটতে পারেন।

পুরু করে কাটা পেঁয়াজ কুচি

এই আকৃতিতে কাটা পেঁয়াজ সাধারণত রান্নায় খুব একটা ব্যবহার করা হয় না। আকারে ছোট কিন্তু বেশ মোটা করে কাটা পেঁয়াজ আপনি ব্যবহার করতে পারেন র‌্যাপ, স্যালাডের মতো কোনও পদে। তাতে প্রতি বার খাবার খাওয়ার সময় মুখে পড়বে পেঁয়াজ।

cooking tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy