ডিমের ডালনা, অমলেট করে তরকারি, ডিম ভাপা, ডিম কোর্মা— সবই বড় চেনা রান্না। কিন্তু কখনও খুব সাধারণ উপকরণেও চেনা খাবারে ভিন্ন স্বাদ আনা যায়। ডিমের অমলেট করে তরকারি খাওয়াই হয়, এবার মুরগির ডিম দিয়ে বড়া তৈরি করে বানিয়ে ফেলুন চচ্চড়ি। পন্থা সহজই।
উপকরণ
বড়ার জন্য লাগবে
২টি ডিম
১টি মাঝারি পেঁয়াজ মিহি করে কুচি
২-৩টি কাঁচালঙ্কা কুচি
এক মুঠো ধনেপাতা
২ টেবিল চামচ বেসন
আধ চা-চামচ হলুদগুঁড়ো
আধ চা-চামচ লঙ্কার গুঁড়ো
চচ্চড়ির জন্য
সর্ষের তেল
সরু করে কাটা দু’টি মাঝারি আলু
এক মাঝারি পেঁয়াজকুচি
৪-৫টি চেরা কাঁচালঙ্কা
২ টেবিল চামচ আদা-রসুন বাটা
১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা
স্বাদমতো নুন-চিনি
এক মুঠো ধনেপাতা
আরও পড়ুন:
প্রণালী: ডিম ফেটিয়ে, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, বেসন, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভাল করে মেখে নিন। ছাঁকা তেলে ডিমের বড়া ভেজে তুলে রাখুন।
কড়াইয়ে তেল দিয়ে আদা-রসুন বাটা দিন, পাতলা করে কাটা পেঁয়াজ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিন। যোগ করুন সরু করে কাটা আলু। দিয়ে দিন হলুদ, লঙ্কার গুঁড়ো। হালকা ভাজার পরে একটু বেশি করে জল দিয়ে আলু সেদ্ধ হতে দিন। আলু সেদ্ধ হয়ে এলে ঝোলে দিতে হবে ডিমের বড়া। একদম শেষ ধাপে দিন ধনেপাতা। ঝোল হবে একটু ঘন, খুব পাতলা নয়।
ভাতে তো বটেই রুটি বা পরোটার সঙ্গেও ডিমের বড়ার চচ্চড়ি মন্দ লাগবে না।