বাজার থেকে ভাল ভেটকি মাছ আনলে হয় আলু-ফুলকপি দিয়ে ঝোল আর না হয় পাতুরি রাঁধা হয়। তবে এই ভেটকির কোর্মাও বানানো যায়। কোর্মার নাম শুনলেই মনে হবে সে অনেক ঝক্কির রান্না। তবে ভেটকির কোর্মা রাঁধতে আধ ঘণ্টা সময়ই যথেষ্ট। আর উপকরণেও তেমন কোনও আধিক্য নেই। বাড়িতে থাকা রোজের ব্যবহার করা উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন ভেটকির কোর্মা।
উপকরণ:
৬ টুকরো ভেটকি মাছ (রিং করে কাটা)
১ চা চামচ হলুদগুঁড়ো
১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
১ টেবিল চামচ আদাবাটা
১ টেবিল চামচ রসুনবাটা
২ টেবিল চামচ ঘি
১ কাপ টম্যাটোবাটা
১ কাপ পেঁয়াজ কুচি
আধ কাপ পেঁয়াজবাটা
পরিমাণ মতো সর্ষের তেল
১ কাপ দই
স্বাদ মতো নুন
১/৪ চা চামচ জয়িত্রীগুঁড়ো
প্রণালী:
প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিন কিছু ক্ষণ। এ বার ননস্টিক পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে লালচে করে ভেজে তুলে রাখুন। এ বার আরও খানিকটা তেল দিয়ে মাছগুলি ভাল করে ভেজে তুলে রাখুন। এ বার সেই তেলেই পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। তার পর জলে হলুদগুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে কড়াইতে ঢেলে দিন। মশলা থেকে তেল ছেড়ে এলে টম্যাটো বাটা দিয়ে নাড়তে থাকুন। এ বার ফেটানো দই মিশিয়ে দিন। স্বাদমতো নুন, জয়িত্রীগুঁড়ো আর ভেজে রাখা পেঁয়াজ দিয়ে আরও কিছু ক্ষণ কষিয়ে নিন। মশলার কাঁচা গন্ধ একেবারে চলে গেলে সামান্য জল দিয়ে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিন। মিনিট পাঁচেক ঢেকে ঢিমে আঁচে রান্না করুন। শেষে মাছের উপর ঘি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন ভেটকির কোর্মা।