Advertisement
E-Paper

বাসা, তোপসে বা ভেটকি নয়, টাটকা বাটা দিয়েই হোক ব্যাটার ফ্রাই, জমে যাবে ভাতের পাতে

বাটা মাছের ঝাল খেয়েছেন, ঝোলও রান্না হয় সব বাড়িতেই। তবে টাটকা বাটা দিয়ে মুচমুচে ব্যাটার ফ্রাইও মন্দ হবে না। বানানো কঠিন নয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ২০:০০
বাটা মাছ দিয়েও হতে পারে মুচমুচে ব্যাটার ফ্রাই। তৈরি করবেন কী ভাবে?

বাটা মাছ দিয়েও হতে পারে মুচমুচে ব্যাটার ফ্রাই। তৈরি করবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।

বিয়েবাড়িতে ফিশ ব্যাটার ফ্রাই পরিচিত পদ। বাঙালি হেঁশেলেও তোপসে মাছের ফ্রাই, লট্টে ফ্রাই খাওয়ার চল আছে। তবে বাটা মাছ দিয়ে শুধু ঝাল, ঝোল না বানিয়ে করতে পারেন ব্যাটার ফ্রাইও। মুচমুচে মাছে কামড় দিলে মন তৃপ্ত হবে।

উপকরণ

৫-৬টি বাটা মাছ

১টি গন্ধরাজ লেবু

১ টেবিল চামচ আদা-রসুন বাটা

আধ চা-চামচ হলুদ

স্বাদমতো নুন

১ টেবিল চামচ ধনেপাতা-কাঁচালঙ্কা বাটা

আধ কাপ ময়দা

১/৪ কাপ কর্নফ্লাওয়ার

১টি ডিম

২ টেবিল চামচ গলানো মাখন

১ টেবিল চামচ গোলমরিচ

আধ চা-চামচ বেকিং সোডা

মিশ্রণ তৈরির জন্য বরফ জল

ভাজার জন্য সাদা তেল

প্রণালী: বাটা মাছ ভাল করে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিন। মাছের গা ছুরি দিয়ে চিরে দিন, এতে ভিতরে মশলা ঢুকবে। গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে দিন মাছে, তবে খুব বেশি নয়। লেবুটির উপরের খোসা গ্রেট করে মাছে মিশিয়ে নিন। আদা-রসুন, কাঁচালঙ্কা বাটা, নুন, হলুদ, সর্ষের তেল মাছে মাখিয়ে রাখুন অন্তত এক ঘণ্টা। মশলা মাখিয়ে মাছটি ফ্রিজেও রাখতে পারেন।

ভাজার আগে তৈরি করুন ব্যাটার। ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, গলানো মাখন ভাল করে মিশিয়ে নিন। দিয়ে দিন বেকিং সোডা, গোলমরিচ। বরফ জল দিয়ে সেটি এমন ভাবে গুলে নিন, যাতে কোনও দলা না থাকে। মিশ্রণটি খুব ঘন বা পাতলা হবে না। মশলা মাখানো মাছ মিশ্রণে ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে নিন। বরফজল দিয়ে গোলার জন্য এবং বেকিং সোডা থাকায়, বাইরের আস্তরণটি ফুলবে এবং মুচমুচেও হবে। ডাল-ভাতের সঙ্গে এমন মুচমুচে বাটা মাছ থাকলে পাত খালি হবে নিমেষেই। সান্ধ্য আড্ডাতেও পেঁয়াজ কুচি, কাসুন্দি বা মেয়োনিজ় সস, ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে এটি পরিবেশন করতে পারেন।

Fish Batter Fry
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy