রুই মাছের ঝাল-ঝোল খেতে খেতে অনেকেরই অরুচি এসে যায়। অনেক সময় ফ্রিজে দু’তিনটি কাঁচা রুইমাছ বেঁচে যায়। তা দিয়ে বাড়ির সকলের জন্য ঝোল-ঝাল বানানো সম্ভব নয়। অল্প মাছ থাকলে তাই দিয়ে বানিয়ে ফেলুন মাছের পেঁয়াজি কালিয়া। রইল রেসিপি।
উপকরণ:
৪ পিস রুই মাছ (ছোট টুকরো করে কাটা)
২টি আলু (ডুমো করে কাটা)
১ টেবিল চামচ হলুদগুঁড়ো
১ টেবিল চামচ শুকনোলঙ্কার গুঁড়ো
৪ টি পেঁয়াজ (অর্ধেকটা ডুমো করে কাটা, অর্ধেকটা ঝিরিঝিরি করে কাটা)
স্বাদমতো নুন
১ টেবিল চামচ জিরে বাটা
১ টেবিল চামচ আদা-রসুন বাটা
১ টেবিল চামচ ঘি
১ চা চামচ গরমমশলাগুঁড়ো
১টি টম্যাটো (কুচি করে কাটা)
পরিমাণ মতো সর্ষের তেল
প্রণালী:
প্রথমে মাছগুলি একেবারে ছোট টুকরো করে কেটে নিন। নুন, হলুদ মাখিয়ে সেগুলি কড়া করে ভেজে একটি পাত্রে তুলে রাখুন। ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ লাল করে ভেজে তুলে রাখুন। সেই তেলেই আলু আর ডুমো করে কাটা পেঁয়াজ ভেজে তুলে নিন। কড়াইতে আরও খানিকটা তেল গরম করে আদা-রসুন বাটা আর টম্যাটো দিয়ে কষিয়ে নিন। একে একে জিরে বাটা, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করুন। এ বার মশলা থেকে তেল ছেড়ে এলে ভেজে রাখা আলু, পেঁয়াজ আর মাছের টুকরোগুলি দিয়ে দিন। সামান্য জল দিয়ে মিনিট পাঁচেক ঢেকে রান্না করুন। ঢাকা খুলে উপর থেকে ঘি, গরমমশলাগুঁড়ো আর বেরেস্তা ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন রুই মাছের পেঁয়াজি কালিয়া।