শীতকালের সকাল হোক বা রাত, রুটির সঙ্গে ছোট আলুর দম থাকলে আর যেন কিছুই লাগে না। বেশির ভাগ বাড়িতেই ছোট থেকে বড়, সকলেই আলুর দম খেতে ভালবাসেন। তবে কষিয়ে আলুর দম রান্না করতে হলে কিন্তু আলুগুলি সেদ্ধ করার পর বেশ খানিকটা তেলে ভাজতে হয়। স্বাস্থ্যের কথা ভেবে অনেকেই এই পদ খাওয়া থেকে পিছিয়ে আসেন। তবে সঠিক কায়দা জানলে কিন্তু তেল ছাড়াই আলুর দম বানিয়ে নিতে পারেন। রইল প্রণালী।
আরও পড়ুন:
উপকরণ:
১ কেজি ছোট আলু
১০০ গ্রাম কড়াইশুঁটি
১ কাপ টম্যাটোকুচি
২ চা চামচ আদাবাটা
১৫০ গ্রাম টক দই
২ টি শুকনো লঙ্কা
২ টেবিল চামচ কাঁচালঙ্কাকুচি
১ চা চামচ হলুদগুঁড়ো
১ চা চামচ শুকনো লঙ্কাগুঁড়ো
১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
১ চা চামচ গোলমরিচগুঁড়ো
আধ চা চামচ গরমমশলাগুঁড়ো
১ টেবিল চামচ গোটা জিরে
নুন, চিনি স্বাদমতো
১টি লেবু
দেড় চা চামচ সর্ষে বাটা
আরও পড়ুন:
প্রণালী
জিরে আর শুকনো লঙ্কা শুকনো তাওয়ায় ভেজে মিক্সিতে বেটে নিন। এবার একটি বাটিতে দইয়ের সঙ্গে কাঁচালঙ্কাকুচি আরর জিরে-লঙ্কার মিশ্রণ মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এ বার কড়াইতে জল ফুটিয়ে তার মধ্যে টম্যাটো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ মিশিয়ে ফুটিয়ে নিন। টম্যাটো সেদ্ধ হয়ে গেলে তাতে মিশিয়ে নিন সর্ষেবাটা, গোলমরিচগুঁড়ো, ধনেগুঁড়ো, গরমমশলাগুঁড়ো, আদবাটা দিয়ে খানিক ক্ষণ কষিয়ে নিন। তার পর সেদ্ধ আলু আর কড়াইশুঁটি দিয়ে আরও খানিকটা জল দিন। ঢাকা দিয়ে রান্না করুন মিনিট দশেক। ঝোল শুকিয়ে এলে মিশিয়ে রাখা টক দইয়ের মিশ্রণ দিয়ে নাড়াচাড়া করে নিন। শেষে গ্যাসের আঁচ বন্ধ করে উপর থেকে লেবুর রস ছড়িয়ে ভাল করে মিশিয়ে নিন।