জাতীয় রাজনীতিতে শোরগোল তৈরি করেছে রাঘব চড্ঢার দলবদল। সম্প্রতি আপ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাঘব। দেশের তরুণ প্রজন্মের পছন্দের নেতা তিনি। তবে তাঁর দলবদলে কেউ কেউ বেজায় খুশি, আবার কেউ হতাশ হয়েছেন। অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে বিয়ের পর থেকে সমাজমাধ্যমে রাঘবকে একটু বেশিই দেখা যাচ্ছে। পেশাগত খবরাখবরের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সামাজমাধ্যমে মনের কথা খুলে বলেন রাঘব।
সমাজমাধ্যমের এক ভিডিয়ো থেকেই জানা যায়, গিন্নির হাতে তৈরি চিজ়ি মাশরুম টোস্ট প্রাতরাশে খেতে ভীষণ ভালবাসেন রাঘব। শুধু প্রিয় খাবারের কথাই বলেননি তিনি, ভাগ করে নিয়েছেন সেই পদের রেসিপিও। রাঘবের প্রিয় জলখাবার চিজ়ি মাশরুম টোস্টের রেসিপি জেনে নিন।
উপকরণ:
২ কাপ মাশরুমকুচি
১ টেবিল চামচ মাখন
১ টেবিল চামচ ময়দা
১ কাপ দুধ
১ টি চিজ় কিউব
১ চা চামচ গোলমরিচ
১ চা চামচ চিলিফ্লেক্স
স্বাদমতো নুন
৪ টি পাউরুটি
প্রণালী:
প্রথমে ননস্টিক কড়াইয়ে মাখন সামান্য গরম করে তাতে ময়দা দিয়ে কিছু ক্ষণ নাড়াচাড়া করুন। তার পর দুধ মিশিয়ে ভাল করে নাড়তে থাকুন, তৈরি হবে হোয়াইট সস। এই সসে যেন কোনও রকম দানা না থাকে, সে বিষয়টি খেয়াল রাখুন। শেষে নুন আর গোলমরিচ মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন। আরেকটি পাত্রে সামান্য মাখন নিয়ে মাশরুমগুলি ভাল করে ভেজে নিন। তার পর তাতে নুন, চিলিফ্লেক্স আর গোলমরিচ মিশিয়ে নাড়াচাড়া করে বানিয়ে রাখা হোয়াইট সস্ মিশিয়ে দিন। শেষে চিজ় মিশিয়ে মিনিট দুয়েক আরও রান্না করুন। এ বার পাউরুটি বেশ কড়া করে টোস্ট করে তার উপর মাশরুমের মিশ্রণ দিয়ে দিলেই পরিবেশনের জন্য একেবারে তৈরি চিজ়ি মাশরুম টোস্ট।