Advertisement
E-Paper

ডায়েট করছেন? হালকা খিদেয় বাজারের প্রোটিন বার নয়, বাড়িতে বানানো প্রোটিন লাড্ডু দিয়েই পেট ভরান

যাঁরা ‘হাই ইনটেনসিটি ওয়ার্ক আউট’ করেন বা হাই-প্রোটিন ডায়েট মেনে চলেন, তাঁদের অনেককেই প্রোটিন বার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। রিফাইনড সুগারের বদলে গুড় কিংবা মধু দিয়ে সেই সব বার প্রস্তুত করার দাবি করা হলেও তা আদৌ কতটা সত্যি, তা যাচাই করে নেওয়া প্রয়োজন। এ সব ঝামেলায় না গিয়ে কোনও এক ছুটির দিনে বাড়িতেই তৈরি করে নিতে পারেন প্রোটিন লাড্ডু।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৩:১৩
বাড়িতে বানানো প্রোটিন লাড্ডু দিয়েই মিটবে হালকা খিদে।

বাড়িতে বানানো প্রোটিন লাড্ডু দিয়েই মিটবে হালকা খিদে। ছবি: সংগৃহীত।

যাঁরা ওজন বৃদ্ধি করতে চান, কিংবা যাঁরা নিয়মিত জিমে গিয়ে শরীরচর্চা করেন, তাঁদের অনেককেই দেখা যায় খিদে পেলে প্রোটিন বার মুখে পুরে দিতে। পেশিবহুল সুঠাম চেহারা পেতে এই ধরনের বার খাওয়া স্বাস্থ্যকর কি না, সেই প্রশ্ন জাগে অনেকেরই মনে। অনেকেই বিজ্ঞাপনের ফাঁদে পড়ে চড়া দামের এই প্যাকেটবন্দি প্রোটিন বারগুলি পুষ্টিবিদ কিংবা ফিটনেস বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই দিনের পর দিন খেয়ে চলেছেন। জিমে না গেলেও যাঁরা সারা দিন বাইরে কাজ করেন অথবা যাঁদের কাজের সূত্রে প্রচুর ভ্রমণ করতে হয়, তাঁদের অনেকেই ব্যাগে রাখেন এমন একটি করে বার। খিদে পেলেই কামড় বসানো যায় এতে। এর ফলে বাইরের অস্বাস্থ্যকর খাবার খেতে হয় না, আর পেটও ভরে। তবে খাবারের পরিবর্তে এই বাজারচলতি প্রোটিন বারগুলি কিন্তু সব সময় স্বাস্থ্যকর হয় না।

প্রোটিন বার কেনার আগে অনেকেই উপকরণ ও তার পুষ্টিগুণ দেখে নেন না। যাঁরা ‘হাই ইনটেনসিটি ওয়ার্ক আউট’ করেন বা হাই-প্রোটিন ডায়েট মেনে চলেন, তাঁদের অনেককেই প্রোটিন বার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। রিফাইনড সুগারের বদলে গুড় কিংবা মধু দিয়ে সেই সব বার প্রস্তুত করার দাবি করা হলেও তা আদৌ কতটা সত্যি, সেটা যাচাই করে নেওয়া প্রয়োজন। এ সব ঝামেলা না গিয়ে কোনও এক ছুটির দিনে বাড়িতেই তৈরি করে নিতে পারেন প্রোটিন লাড্ডু। পেটও ভরবে আর স্বাস্থ্যেরও ক্ষতি হবে না, রইল ভিন্ন স্বাদের তিনটি প্রোটিন লাড্ডুর রেসিপি। ‌

পেস্তা-নারকেলের লাড্ডু

আধ কাপ পেস্তা নিয়ে শুকনো তাওয়ায় একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিন। এ বার একটি বড় পাত্রে আধ কাপ নারকেলের গুঁড়ো, পেস্তার গুঁড়ো, ৬টি খেজুর বাটা, ভেজানো চিয়া বীজ, ঘি, এলাচগুঁড়ো ভাল খরে মেখে নিন। এ বার অল্প করে মিশ্রণ হাতে নিয়ে লাড্ডু বানিয়ে নিন। বানিয়ে রাখা লাড্ডুগুলি ফ্রিজে রাখুন আধ ঘণ্টা। তৈরি লাড্ডুগুলি বায়ুনিরুদ্ধ বাক্সে ভরে রেখে দিন।

রাগি লাড্ডু

কড়াইতে ঘি দিয়ে বেশ খানিকটা কাঠবাদামকুচি আর কুমড়োর বীজ ভেজে নিন। এ বার আরও একটু ঘি দিয়ে ১ কাপ রাগির আটা অল্প আঁচে ভাল করে ভেজে নিন। একে একে নারকেলের গুঁড়ো, বাদামকুচি, কুমড়োর বীজ, খেজুর বাটা, এলাচগুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণে পাক ধরে এলে একটু ঠান্ডা করে নিন। এ বার খানিকটা মিশ্রণ তালুতে নিয়ে লাড্ডুর আকার দিন। বায়ুনিরুদ্ধ কৌটোয় ভরে রাখুন।

বাদাম-তিলের লাড্ডু

একটি কড়াইতে ২ টেবিল টামচ তিসির বীজ আর ১/৪ কাপ তিল হালকা করে ভেজে নিন। এ বার আধ কাপ ভাজা বাদাম গুঁড়ো করে নিন। একটি পাত্রে সব ভেজে রাখা উপাদানগুলি নিয়ে তার সঙ্গে একে একে খেজুর বাটা, এলাচগুঁড়ো আর গরম করা ঘি মিশিয়ে নিন। ভাল করে মাখুন। এ বার ছোট ছোট লাড্ডু বানিয়ে নিন।

Weight Loss Recipes Weight Loss Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy