Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

শুধু পোলাও বা ভাত নয়! মুরগির রোস্ট থেকে এগ ফিঙ্গার, গ্যাস বাঁচাতে রাইস কুকারেই বানিয়ে ফেলুন রকমারি পদ

রান্নার গ্যাসের দাম যখন মধ্যবিত্তের নাভিশ্বাস তুলছে, তখন রাইস কুকারের মতো যন্ত্রই হতে পারে সাশ্রয়ের চাবিকাঠি। হেঁশেলের পরম বন্ধু। তবে অনেকের ধারণা পোলাও, বিরিয়ানি, ভাত ছাড়া রাইস কুকারে আর কিছুই রান্না করা যায় না। এমনটা কিন্তু একেবারেই নয়, রোজের রকমারি রান্না সেরে ফেলতে পারেন এই বৈদ্যুতিন যন্ত্রে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৪:০৮
রাইস কুকারেই বানিয়ে ফেলতে পারেন চিকেন রোস্ট।

রাইস কুকারেই বানিয়ে ফেলতে পারেন চিকেন রোস্ট। ছবি: সংগৃহীত।

আমেরিকা-ইজরায়েল বনাম ইরানের যুদ্ধের প্রত্যক্ষ প্রভাব পড়েছে রান্নার গ্যাসের উপর। গ্যাসের দাম ইতিমধ্যেই বেড়েছে অনেকটা। ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এর সঙ্গে জুড়েছে গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ। গ্যাস ফুরোলে কবে আবার সিলিন্ডার বাড়িতে আসবে, তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন সমাজের প্রায় সর্ব স্তরের মানুষ। সব মিলিয়ে জোর আলোচনায় উঠে আসছে রান্নার গ্যাস! রান্নার গ্যাসের দাম যখন মধ্যবিত্তের নাভিশ্বাস তুলছে, তখন রাইস কুকারের মতো যন্ত্রই হতে পারে সাশ্রয়ের চাবিকাঠি। হেঁশেলের পরম বন্ধু। তবে অনেকের ধারণা পোলাও, বিরিয়ানি, ভাত ছাড়া রাইস কুকারে আর কিছুই রান্না করা যায় না। এমনটা কিন্তু একেবারেই নয়, রোজের রকমারি রান্না সেরে ফেলতে পারেন এই বৈদ্যুতিক যন্ত্রে।

চিকেন রোস্ট

গোটা মুরগি একটি বড় পাত্রে নিয়ে টিস্যু পেপার দিয়ে ভাল করে শুকিয়ে নিন। এ বার মাংসের গায়ে ভাল করে নুন আর অলিভ অয়েল দিয়ে ভাল করে মাখিয়ে নিন। একে একে লঙ্কার গুঁড়ো, কাশ্মিরী লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, মাস্টার্ড সস্, রসুনবাটা, লেবুর রস মিশিয়ে খুব ভাল করে মুরগির গায়ে মাখাতে হবে। এ বার মুরগির মাংস আধ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। আধ ঘণ্টা পর রাইস কুকারটির পাওয়ার বোতাম অন করে তাতে ৪-৫ টেবিল চামচ অলিভ অয়েল গরম করুন। ঢাকা দিয়ে গরম করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এ বার গোটা মুরগিটা দিয়ে দিন। এ বার তাতে জল ঢেলে দিন। মুরগি যেন অর্ধেকটা জলে ডুবে থাকে, সেটা লক্ষ করুন। এ বার কুকারের ঢাকা দিয়ে ঢিমে আঁচে রান্না হতে দিন। আধ ঘণ্টা পর মাংস উল্টে আরও ১৫ মিনিট রান্না করুন। ঢাকা খুলে গ্রেভি একেবারে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন রোস্ট।

হোয়াইট সস্‌ পাস্তা

রাইস কুকারে মাখন দিয়ে মিনিট দুয়েক ঢাকা দিয়ে গরম করে নিন। এ বার রসুনকুচি এবং পেঁয়াজ হালকা করে ভেজে নিন। একে একে মিশিয়ে দিন সেদ্ধ করা সুইট কর্ন, মাশরুমকুচি, ক্যাপসিকামকুচি, মুরগির মাংসের ছোট ছোট খরে কাটা টুকরো। স্বাদমতো নুন, গোলমরিচ দিন। এ বার পাস্তা দিয়ে হালকা নাড়াচাড়া করে জল এবং দুধ যোগ করুন। এক কাপ পাস্তা নিলে আধ কাপ জল এবং আধ কাপ দুধ নিন। এ বার কুকারের ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন। পাস্তা সেদ্ধ হয়ে এলে তার উপর থেকে বেশ কিছুটা চিজ় ছড়িয়ে ভাল করে মিশিয়ে দিন। খুব বেশি শুকিয়ে গেলে দুধের পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারেন। রান্নার শেষে উপর থেকে চিলিফ্লেক্স আর অরিগ্যানো ছড়িয়ে পরিবেশন করুন।

কাঁচকলা পোস্ত

রাইস কুকারে সর্ষের তেল গরম করে কালোজিরে আর কাঁচালঙ্কা ফোড়ন দিন। এ বার ছোট টুকরো করে কাটা আধসেদ্ধ কাঁচাকলা দিয়ে ভাল করে ভেজে নিন। তার পর পেঁয়াজকুচি দিয়ে খানিক ক্ষণ ঢেকে রাখুন। পেঁয়াজ লালচে হয়ে এলে একে লঙ্কাগুঁড়ো, নুন আর কাঁচালঙ্কা দিয়ে বেটে রাখা পোস্ত দিয়ে নাড়াচাড়া করুন। উপর থেকে স্বাদমতো চিনি ছড়িয়ে দিন। মিনিট পাঁচেক পর সর্ষের তেল ছড়িয়ে রাইস কুকারটি বন্ধ করে ঢেকে রাখুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কাঁচকলা পোস্ত।

এগ ফিঙ্গার

ডিমগুলি একটি বড় বাটিতে ভাল করে ফেটিয়ে নিন। এ বার একে একে পেঁয়াজকুচি, গাজরকুচি, ক্যাপসিকামকুচি, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, নুন ও গোলমরিচ দিয়ে আবার ফেটিয়ে নিন। একটি বড় ছড়ানো পাত্রে ডিমের মিশ্রণটি দিয়ে রাইস কুকারেই মিনিট ২০ ভাপিয়ে নিন। ডিম ভাপা হয়ে এলে ঠান্ডা করে লম্বা লম্বা করে ফিঙ্গারের আকারে কেটে নিন। এ বার ফিঙ্গারগুলি কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ফ্রিজারে ভরে রাখুন ঘণ্টাখানেক। এ বার রাইস কুকারেই বেশ খানিকটা তেল গরম করুন। ডুবো তেলে ধৈর্য করে ভেজে নিয়ে টম্যোটো সস্ ও মেয়োনিজে ডুবিয়ে উপভোগ করুন এগ ফিঙ্গার।

গন্ধরাজ চিকেন পাতুরি

মুরগির মাংসগুলি ভাল করে ধুয়ে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নিন। খুব বেশি মিহি পেস্ট বানানোর প্রয়োজন নেই। এ বার একটি পাত্রে সেই চিকেন পেস্ট নিয়ে তাতে একে একে পোস্তবাটা, সর্ষেবাটা, নারকেলবাটা, কাঁচালঙ্কাবাটা, অল্প রসুনবাটা, গন্ধরাজ লেবুর রস আর নুন দিয়ে ভাল করে মেখে নিন। এ বার কলাপাতা টুকরো করে করে তার ভিতর মাংসের খানিকটা মিশ্রণ রেখে তার উপর একটি গন্ধরাজ লেবুর পাতা গিয়ে ভাল করে মুড়ে দিন। সুতো দিয়ে বেঁধে নিন ভাল করে। এ বার রাইস কুকারে সামান্য তেল গরম করে এ পিঠ-ও পিঠ করে সেঁকে নিন পাতুরিগুলি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গন্ধরাজ চিকেন পাতুরি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy