Advertisement
E-Paper

শুধু বাসন মাজার স্পঞ্জ থেকে কত প্লাস্টিক-কণা নির্গত হয় জানেন? ভয় লাগারই কথা গবেষণার হিসাব শুনলে

বাসন মাজার স্পঞ্জ থেকে প্লাস্টিক কণা নির্গত হয়ে পরিবেশে মিশে যাওয়া ঠেকানো কি সম্ভব? বিজ্ঞানীরা বলছেন, তিনটি উপায়ে কিছুটা সম্ভব।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ০৮:৫৬
বাসন মাজার সময় স্পঞ্জ থেকে নির্গত হয় প্লাস্টিকের কণা।

বাসন মাজার সময় স্পঞ্জ থেকে নির্গত হয় প্লাস্টিকের কণা। —ফাইল চিত্র।

বাসন মাজার সময় ওই স্পঞ্জ থেকে নির্গত হয় প্লাস্টিকের কণা। তা শুধু মানুষের নয়, পরিবেশেরও ক্ষতি করে। বাসন মাজার সময় ওই স্পঞ্জ থেকে কতটা প্লাস্টিকের কণা বার হয়, তা নিয়েই সম্প্রতি গবেষণা করেছেন একদল বিজ্ঞানী। একটি স্পঞ্জ থেকে যতটা প্লাস্টিকের কণা বার হয়, তা পরিবেশের কতটা ক্ষতি করতে পারে, সেই বিষয়টিও খতিয়ে দেখেছেন বিজ্ঞানীরা। সেই পরিমাণ কিন্তু নেহাত কম নয়। নির্দিষ্ট এক রকম স্পঞ্জ যদি নির্দিষ্ট একটি দেশের ঘরে ঘরে ব্যবহার করা হয়, তা হলে বছরে টন টন প্লাস্টিক কণা প্রকৃতিতে মিশতে পারে।

‘এনভায়রনমেন্টাল অ্যাডভান্স’ জার্নালে ওই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। জার্মানি এবং উত্তর আমেরিকার কয়েকটি বাড়িতে সমীক্ষা করেন গবেষণাকারীদের একটি দল। সমীক্ষায় দেখা গিয়েছে, বাসন মাজতে মূলত তিন ধরনের স্পঞ্জ ব্যবহার করেন তাঁরা। একটি স্পঞ্জ ব্যবহার শুরু করার আগে তার ওজন করে রাখা হয়। তার ব্যবহারের পরেও স্পঞ্জটি ওজন করা হয়। তাতে দেখা গিয়েছে, একটি পরিবারে গড়ে এক জন মানুষের বাসন মাজতে এক বছরে যত স্পঞ্জ ব্যবহার করা হয়, তা থেকে ০.৬৮ থেকে ৪.২১ গ্রাম প্লাস্টিকের কণা বার হয়েছে। এক বছর সময়ে গড়ে ওই প্লাস্টিক কণা বার হয়েছে।

যে স্পঞ্জে প্লাস্টিকের পরিমাণ কম, তা থেকে কম পরিমাণে প্লাস্টিক বার হয়। বিজ্ঞানীরা বলছেন, এমনিতে স্পঞ্জ থেকে প্লাস্টিক কণা ঝরে পড়ে না। যখন তা জল শোষণ করে, তখন স্পঞ্জ থেকে প্লাস্টিকের কণা বার হয়। ওই কণা জলের সঙ্গে মিশে যায়, যা পরিবেশে প্রভাব ফেলে। গবেষণায় তাঁরা দেখেছেন, জার্মানিতে কয়েক ধরনের স্পঞ্জ ব্যবহারের সময় তা থেকে বেশি পরিমাণ প্লাস্টিক কণা নিঃসৃত হয়। অন্যগুলির ক্ষেত্রে সেই পরিমাণ কম।

বিজ্ঞানীরা বলছেন, ওই নির্দিষ্ট ধরনের স্পঞ্জ যদি জার্মানির প্রতি পরিবার ব্যবহার করে, তা হলে প্রতি বছর ৩৫৫ মেট্রিক টন প্লাস্টিক কণা নিঃসৃত হয়। সেগুলি জলের সঙ্গে প্রবাহিত হয়ে যায়। সেই জল ‘ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টস’-এ শোধন করলেও বহু টন প্লাস্টিক কণা অপরিবর্তিত থেকে যায়। সেগুলি জলের সঙ্গেই মাটিতে, পরিবেশে মিশে যায়। গবেষণায় দেখা গিয়েছে, বাসন মাজার স্পঞ্জ থেকে পরিবেশের যতটা ক্ষতি হয়, তার ৮৫ থেকে ৯৭ শতাংশ হয় জলের মাধ্যমে।

বাসন মাজার স্পঞ্জ থেকে প্লাস্টিক কণা নির্গত হয়ে পরিবেশে মিশে যাওয়া ঠেকানো কি সম্ভব? বিজ্ঞানীরা বলছেন, তিনটি উপায়ে কিছুটা সম্ভব। এক, বাসন মাজার সময় যতটা সম্ভব কম জল ব্যবহার, দুই, যে স্পঞ্জে প্লাস্টিকের পরিমাণ কম, সেগুলি ব্যবহার, তিন, যতটা সম্ভব বেশি দিন একই স্পঞ্জ ব্যবহার। স্পঞ্জ যত বেশি ব্যবহার করা যায়, তত তার ক্ষয় কমে যায়। সে ক্ষেত্রে একটি স্পঞ্জ দীর্ঘ দিন ব্যবহার করলে পরিবেশ কিছুটা হলেও বাঁচবে।

Microplastic Kitchen Sponge
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy