Advertisement
E-Paper

ডাইনোসরের মাথায় গেঁথে টির‌্যাইনোসরাসের দাঁত! ৬.৬ কোটি বছর আগের খুলি ধারণা বদলে দিচ্ছে বিজ্ঞানীদের

টির‌্যাইনোসরাস রেক্স (টি-রেক্স)-কে ডাইনোসরদের ‘রাজা’ বলেন কেউ কেউ। বছরের পর বছর ধরে বিজ্ঞানী, নৃতত্ত্ববিদ এবং জীবাশ্মবিদদের কৌতূহলের কেন্দ্রে রয়েছে এই বিশেষ প্রজাতির ডাইনোসর। যেমন তাদের তেজ, তেমন দাপট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ০৮:৫৮
তৃণভোজী ডাইনোসরের মাথায় গেঁথে গিয়েছিল টি-রেক্সের ধারালো দাঁত।

তৃণভোজী ডাইনোসরের মাথায় গেঁথে গিয়েছিল টি-রেক্সের ধারালো দাঁত। ছবি: এআই সহায়তায় প্রণীত।

আজ থেকে ২০-২৫ কোটি বছর আগে পৃথিবীর বুকে ঘুরে বেড়াত যে ডাইনোসরেরা, টির‌্যাইনোসরাস রেক্স (টি-রেক্স)-কে তাদের ‘রাজা’ বলেন কেউ কেউ। বছরের পর বছর ধরে বিজ্ঞানী, নৃতত্ত্ববিদ এবং জীবাশ্মবিদদের কৌতূহলের কেন্দ্রে রয়েছে এই বিশেষ প্রজাতির ডাইনোসর। যেমন তাদের তেজ, তেমন দাপট। অন্য ডাইনোসরদের শিকার করত টি-রেক্সরা। ডাইনোসরেরাই ছিল তাদের খাবার। সম্প্রতি একটি বিশেষ জীবাশ্ম নিয়ে গবেষণা বিশেষজ্ঞদের চমকে দিয়েছে। দেখা গিয়েছে, একটি আপাত নিরীহ ডাইনোসরের মাথার খুলিতে গেঁথে রয়েছে টি-রেক্সের প্রকাণ্ড দাঁত!

দাঁতের কামড়ে বিদীর্ণ সেই খুলি জীবাশ্মবিদেরা খুঁজে পেয়েছিলেন ২০০৫ সালে। আমেরিকার উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত মন্টানা প্রদেশের রুক্ষ, পাথুরে, পাহাড়ি এলাকায় খুলিটি পাওয়া গিয়েছিল। এখন তা সেখানকারই এক জাদুঘরে সংরক্ষিত। গত ২১ বছর ধরে খুলিটি নিয়ে কম পরীক্ষানিরীক্ষা হয়নি। সম্প্রতি একদল বিজ্ঞানী দাবি করেছেন, এই খুলিই টি-রেক্সদের খাদ্যাভ্যাস সম্পর্কে নতুন হদিস দিতে পারে। কারণ, দাঁতের দাগ, ক্ষত পরীক্ষা করে বেশ কিছু নতুন তথ্য তাঁদের হাতে এসেছে।

যে খুলিটি পাওয়া গিয়েছে, সেটি এডমন্টোসরাস প্রজাতির ডাইনোসরের। এরা মূলত তৃণভোজী ছিল। ছোট-বড় নানা ধরেনর গাছগাছালি, ফল, বীজ খেয়ে দিন কাটাত। জীবাশ্মবিদদের দাবি, এই ধরনের তৃণভোজী ডাইনোসরেরাই ছিল টি-রেক্সদের প্রধান শিকার। এডমন্টোসরাসের খুলিটিতে যে ভাবে টি-রেক্সের দাঁত গেঁথে গিয়েছে, তাতে গবেষকদের ধারণা, মৃত্যুর পর বা একেবারে মৃতপ্রায় অবস্থায় ওই দাঁত বসানো হয়েছিল। সেই কারণে দাঁতের আঘাতে তৈরি ক্ষত ভাল করে নিরাময়ের সুযোগ পায়নি। টি-রেক্সদের খাদ্যাভ্যাস সম্পর্কে জীবাশ্মবিদদের মধ্যে নানা মতপার্থক্য রয়েছে। কেউ কেউ বলেন, ডাইনোসর শিকার করাই ছিল টি-রেক্সদের কাজ। এক দল আবার তা মানতে চান না। তাঁদের মতে, অন্য পশু-পাখিও এই প্রকাণ্ড ডাইনোসরের খাদ্যতালিকার অন্তর্গত ছিল।

নতুন গবেষণায় সম্পূর্ণ অন্য তথ্য উঠে আসছে। গবেষকদের মতে, শুধু শিকার ধরে খাওয়া নয়, জঞ্জাল থেকেও খাদ্য সংগ্রহও করত টি-রেক্সরা। অর্থাৎ, মৃত ডাইনোসরের মাংসও তারা খুঁজে খুঁজে খেত। এডমন্টোসরাসটির ক্ষেত্রেও তেমনই কিছু ঘটেছিল। তবে ওই টি-রেক্সের হামলাতেই এডমন্টোসরাসটির মৃত্যু হয়েছিল কি না, মৃত্যুর কত ক্ষণ পরে তার খুলিতে দাঁত গেঁথে দেয় টি-রেক্স, তা স্পষ্ট হয়নি এখনও। আবিষ্কৃত খুলিটির ডান দিকে চোখের পিছনে কামড়ের দাগ রয়েছে। আর বাঁ দিকের কামড়ের দাগগুলি পাওয়া গিয়েছে নীচের চোয়ালের পিছনের এক-তৃতীয়াংশ বরাবর। বিজ্ঞানীদের পর্যবেক্ষণ, এডমন্টোসরাসের মতো তৃণভোজী ডাইনোসরদের চোখের পিছনের এই অংশটিই খুলির সবচেয়ে মাংসল অংশ। এখানে নরম কিছু টিস্যু থাকত যা খাবার চিবানোর কাজে ব্যবহৃত হত। সেই অংশই আক্রমণ করেছে টি-রেক্স।

কৌতূহলের বিষয় হল, এডমন্টোসরাসটির খুলি ছাড়া দেহের আর কোনও অংশই খুঁজে পাওয়া যায়নি। একাংশের মতে, খুলিতে দাঁত বসানোর আগে বাকি মৃতদেহ, মাংসল অংশ খেয়ে নিয়েছিল টি-রেক্স। ডাইনোসর নিয়ে এত দিন যে ধরনের গবেষণা হয়েছে, তাতে এই আবিষ্কার, খুলির পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে নির্দিষ্ট ধারণায় পৌঁছে যাওয়া যথেষ্ট বিরল। তাই বিজ্ঞানীরা উচ্ছ্বসিত। আরও বিশদ গবেষণা এ বিষয়ে নতুন ইতিহাসের পথ খুলে দিতে পারে বলে কেউ কেউ মনে করছেন।

Dinosaurs Tyrannosaurus Rex Food Habit
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy