Advertisement
E-Paper

Moon and Three Planets: শনিবার থেকে আকাশেও শারদোৎসব! চাঁদ, শুক্র, বৃহস্পতি, শনিকে দেখা যাবে খালি চোখেই

৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত গোটা উত্তর গোলার্ধের আকাশে দেখা যাবে চাঁদ, শুক্র, বৃহস্পতি, শনির এই শারদোৎসব। জানিয়েছে নাসা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২১ ১২:৫৩
আকাশের অন্য ‘শারদোৎসব’-এ! -ফাইল ছবি।

আকাশের অন্য ‘শারদোৎসব’-এ! -ফাইল ছবি।

শনিবার চতুর্থীর সন্ধ্যা থেকে বৃহস্পতিবার নবমীর রাত ভোর হওয়া পর্যন্ত আকাশেও যেন শারদোৎসবই!

আগামী পূর্ণিমার দিকে এগিয়ে যেতে যেতে আকাশে চাঁদও আর একা থাকবে না। কখনও তাকে উজ্জ্বল হয়ে উঠতে দেখা যাবে শুকতারাটি (শুক্রগ্রহ)-র কাছেপিঠে। আবার কখনও বা চাঁদ থাকবে সৌরমণ্ডলের গ্যাসে ভরা দু’টি বৃহত্তম গ্রহ বৃহস্পতি আর শনির মধ্যবর্তিনী হয়ে। আমাদের চোখে ধরা দেবে রূপোলি রঙের বৃহস্পতি আর হলদেটে সাদা রঙে শনিও।

৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ভারত-সহ গোটা উত্তর গোলার্ধের আকাশে দেখা যাবে চাঁদ, শুক্র, বৃহস্পতি, শনির এই শারদোৎসব।

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র ‘স্টারওয়াচ’ শনিবার এই খবর দিয়েছে। জানিয়েছে, আকাশের মুখ মেঘে ঢাকা না থাকলে টেলিস্কোপ, বাইনোকুলার ছাড়াও খালি চোখেই দেখা সম্ভব হবে চাঁদের সঙ্গে শুক্র, বৃহস্পতি ও শনির সহাবস্থানের দৃশ্য।

শুক্লপক্ষ শুরু হয়ে গিয়েছে মহালয়ার পরপরই। দেবীপক্ষে আকাশে চাঁদের উজ্জ্বলতাও বাড়তে শুরু করেছে একটু একটু করে। আগামী পূর্ণিমার দিকে এগিয়ে যেতে যেতে। এই সময় আকাশে উজ্জ্বলতম ‘তারা’ শুক্রগ্রহকেও চাঁদের কাছেপিঠে দেখা যাবে। শনিবার সন্ধ্যা থেকে বুধবার রাত পর্যন্ত চাঁদের সঙ্গে পৃথিবীর যমজ গ্রহ শুক্রের খুব কাছাকাছি সহাবস্থান দেখা যাবে আকাশে চাঁদের একটু নীচে, ডান দিকে। দক্ষিণ-পশ্চিম আকাশে।

ওই সময় বৃহস্পতি আর শনিও দৃশ্যমান হতে পারত খালি চোখে যদি না পৃথিবী থেকে শুকতারার উজ্জ্বলতা বৃহস্পতির ৫ গুণ আর শনির ৮৫ গুণ হত! শুকতারা আর চাঁদের আলোয় তখন তাই ঢাকা পড়ে থাকবে সৌরমণ্ডলের গ্যাসে ভরা দুটি বৃহত্তম গ্রহ বৃহস্পতি আর শনি।

তবে তাদের কপাল খুলবে ১৪ অক্টোবর, আগামী বৃহস্পতিবার সূর্যাস্তের পরপরই। রাত ভোর না হওয়া পর্যন্ত পৃথিবী থেকে দৃশ্যমানতার নিরিখে সৌভাগ্যবানই হয়ে উঠবে শনি ও বৃহস্পতি।

নবমীর রাত ভোর না হওয়া পর্যন্ত আকাশের শারদোৎসবে চাঁদ মধ্যবর্তিনী হয়ে থাকবে বৃহস্পতি ও শনির। চাঁদের একটু উপরে ডান দিকে খালি চোখেই দেখা যাবে শনিকে। হলদেটে সাদা রঙে। তবে তার বিস্ময়কর বলয়গুলি টেলিস্কোপ বাইনোকুলার ছাড়া ধরা দেবে না। চাঁদের একটু বাঁ দিকে দেখা যাবে সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতিকে। রূপোলি রঙে।

moon venus jupiter Saturn
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy