অবাক করল ইডেন। শনিবার ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচ মাঠে বসে দেখলেন ৩৪ হাজার দর্শক। ভারতের ম্যাচ তো নয়ই, দু’টি দলের একটি ইংল্যান্ড হলেও অন্য দলটি স্কটল্যান্ড। ফলে ৬৭ হাজারের ইডেনে এই দর্শকসংখ্যা তাক লাগানোর মতোই।
বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি সরকারি ভাবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত যা হিসাব দিয়েছে, তাতে ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচের দর্শকসংখ্যা ৩৪,০১৯। এখনও পর্যন্ত এ বারের বিশ্বকাপে যে ক’টি ম্যাচের দর্শক উপস্থিতির সরকারি হিসাব পাওয়া গিয়েছে তাতে ভারতের ম্যাচ বাদ দিলে সবচেয়ে বেশি দর্শক হয়েছে শনিবারের ইডেন ম্যাচেই।
মূলত তিনটি কারণে শনিবারের ম্যাচে এত দর্শক হয়েছে বলে জানা গিয়েছে। প্রথমত, শনিবার ছুটির দিন হওয়ায় অনেকেই খেলা দেখতে যাওয়ার সুযোগ পেয়েছেন। দ্বিতীয়ত, বিকেল ৩টে থেকে খেলা। ফলে খেলা শেষ হতে মোটামুটি সন্ধ্যা সাড়ে ৬টা। তখন ইডেন বা ধর্মতলা থেকে দর্শকদের বাড়ি ফেরাটা কোনও সমস্যাই নয়। কলকাতার মধ্যে কোনও জায়গা হলে অনায়াসেই ওই সময়ে পৌঁছে যাওয়া যায়। এমনকি মফস্বল থেকে আসা দর্শকদেরও ফেরা অসুবিধার নয়। কারণ, তখন হাওড়া বা শিয়ালদহ থেকে যেকোনও শাখায় ট্রেন পাওয়া যায়।
শেষ যে কারণটি জানা যাচ্ছে, তা হল, স্কটল্যান্ডের পরিবর্তে এই ম্যাচে বাংলাদেশের খেলার কথা ছিল। সে ক্ষেত্রে ইংল্যান্ড বনাম বাংলাদেশ অবশ্যই আকর্ষণীয় ম্যাচ। অনেকেই বাংলাদেশের ম্যাচ হিসাবে আগে থেকে টিকিট কেটে রেখেছিলেন। বাংলাদেশ বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেওয়ায় তার পরিবর্তে স্কটল্যান্ড সুযোগ পায়। বাংলাদেশ খেলতে না এলেও অফেরৎযোগ্য সেই টিকিট দর্শকদের কাছে থেকেই যায়। ফলে খানিকটা বাধ্য হয়েই দুধের স্বাদ ঘোলে মেটাতে ইডেনে গিয়েছেন তাঁরা। কেউ কেউ বলছেন, যতই হোক, বিশ্বকাপের ম্যাচ মাঠে বসে দেখেছি— এটা তো গর্ব করে বলতে পারব।
ইডেনে এ বারের বিশ্বকাপে এটি তৃতীয় ম্যাচ। ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনে ওয়েস্ট ইন্ডিজ় বনাম স্কটল্যান্ড ম্যাচে ১৮,১১৪ জন দর্শক হয়েছিল। এরপর ৯ ফেব্রুয়ারি স্কটল্যান্ড বনাম ইটালি ম্যাচে ইডেনে লোক হয়েছিল ৬,৯২৮। মনে রাখতে হবে সে দিন সোমবার ছিল এবং খেলা ছিল সকাল ১১টায়। তার উপর দল দু’টি নিয়ে আগ্রহ না থাকাই স্বাভাবিক।
ভারতের ম্যাচ বাদ দিলে শনিবার ইডেনের ম্যাচ দর্শকসংখ্যায় সকলের উপরে। এর পর রয়েছে চেন্নাইয়ে আফগানিস্তান বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচ (২৪,৯৯১), মুম্বইয়ে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচ (২১,৫৭৭), চেন্নাইয়ে নিউ জ়িল্যান্ড বনাম আমিরশাহি ম্যাচ (১৯,৬২৩), মুম্বইয়ে ইংল্যান্ড-নেপাল ম্যাচ (১৯,৩৬৯), চেন্নাইয়ে নেদারল্যান্ডস-আমেরিকা (১৮,৯৫৫)।
ইডেনে শনিবার ইংল্যান্ড ৫ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ডকে। প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড ১৯.৪ ওভারে ১৫২ রান তোলে। জবাবে ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ৪১ বলে অপরাজিত ৬৩ রান করে ইংল্যান্ডকে জেতান টম ব্যান্টন। ইংরেজ বোলারদের মধ্যে আদিল রশিদ ৩ উইকেট নেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের