Advertisement
E-Paper

পাঁঠা বা ভেড়ার মাংস থেকে ফল, সব্জি, সারা দিনে শক্তির জোগানের কথা ভেবে কেএল রাহুল কী কী খান

কেতাদুরস্ত ডায়েটের বদলে দেশীয় খাবার খাওয়ারই পক্ষপাতী ক্রিকেটার কেএল রাহুল। সকাল থেকে রাত পর্যন্ত কী কী খান অভিনেতা সুনীল শেট্টীর জামাই?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৯
কেএল রাহুলের খাদ্যাভ্য়াস।

কেএল রাহুলের খাদ্যাভ্য়াস। ছবি: সংগৃহীত।

ক্রিকেট মাঠে পারফর্ম্যান্স নিয়ে ভাবনা, নতুন পিতৃত্বের আস্বাদ, পরিবারের সঙ্গে সময় কাটানো— ব্যস্ততার ঝুলিতে কম কিছু নেই কেএল রাহুলের। ক্রিকেট সর্বদাই সহজ ও পরিচিত খাবারই খেতে পছন্দ করেন। কেতাদুরস্ত ডায়েটের বদলে দেশের স্থানীয় তথা আঞ্চলিক খাবার খাওয়ারই পক্ষপাতী তিনি। সহজ, সরল, সাদামাঠা। সকাল থেকে রাত পর্যন্ত কী কী খান অভিনেতা সুনীল শেট্টীর জামাই?

যে সময়ে ভারতে নিজের বাড়িতে থাকেন, তখন তখন দোসাই তাঁর দোসর। সঙ্গে ডিম থাকা চাই-ই চাই। ডিম খেতে ভালবাসেন রাহুল। তাই প্রতি দিনের প্রাতরাশে কোনও না কোনও রূপে ডিম থাকে পাতে। ৬ দিনই এই এক খাবার খান সকালে। রাহুলের কথায়, ‘‘কার্বোহাইড্রেটের চাহিদা মেটানোর জন্য দোসা খাই। প্রোটিনের জন্য ডিম তো থাকেই।’’ তা ছাড়া বিভিন্ন বেরি, কলা, বাদাম, ফল ইত্যাদিও খান রাহুল।

দেশের বাইরে যেখানেই থাকুন না কেন, দুপুরে ভারতীয় খাবার খেতেই হয় তাঁকে। যে দিন খেলা বা অনুশীলনের পরিকল্পনা থাকে না, সে দিন কার্বোহাই়ড্রেটের জন্য ১৫০ গ্রাম ভাত খান রাহুল। যে দিন খেলা থাকে, সে দিন ২০০ গ্রাম ভাত খেতে হয় শরীরে শক্তিবৃদ্ধির জন্য। সঙ্গে ২০০-২৫০ গ্রাম প্রোটিন থাকা চাই। রাহুলের কথায়, ‘‘আমি সিফুড খেতে ভালবাসি। প্রোটিন হিসেবে সে সবই মূলত খাই। তবে কখনও আবার পাঁঠা বা ভেড়ার মাংসও খাই। এ ছাড়া ১৫০-২২০ গ্রাম সব্জি খাই। হালকা তেলে ভাজা হলে ভাল, নয়তো যে ভাবে খুশি রান্না করে দিলেই খেয়ে নিই। বিন বা বিটের পোরিয়াল হলে সবচেয়ে ভাল।’’ তবে রাতে ভারতীয় নয়, হালকা কন্টিনেন্টাল খাবার খান ক্রিকেটার।

এমন সহজ, নিয়মানুগ খাদ্যতালিকা শরীরের জন্য ভাল, কারণ এতে পেটে চাপ কম পড়ে, পুষ্টি সঠিক ভাবে শোষিত হয়, আর দেহে শক্তির পরিমাণ স্থিতিশীল থাকে। বিশেষ করে খেলোয়াড়দের জন্য এমন ডায়েটই উপযুক্ত। প্রতি দিন একই রকম, একই পরিমাণ শক্তি পেতে হলে ভেবেচিন্তেই খেতে হয়। রাহুলের খাদ্যাভ্যাসে কোনও জটিলতা নেই। বাড়ির পরিচিত খাবার খান। দোসা, ডিম, ভাত, মাছ বা মাংস, শাকসব্জি এবং ফল। রাহুল তাঁর খাবার থেকেই ফাইবার, অ্যামাইনো অ্যাসিড, আয়রন, জ়িঙ্ক, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, কার্বোহাইড্রেট, প্রোটিনের চাহিদা মিটিয়ে নেন।

KL Rahul Celebrity Fitness Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy