Advertisement
E-Paper

তিন বছর পর আবার কেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর? নেপথ্যে একটিই কারণ, ব্যাখ্যা পাক বোর্ডের কর্তার

তিন বছর পর আবার বাবর আজ়মকে পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে। কেন শান মাসুদকে সরিয়ে বাবরকে নেতৃত্ব দেওয়া হল তার কারণ ব্যাখ্যা করেছেন পাক বোর্ডের এক কর্তা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ২৩:০৭
cricket

বাবর আজ়ম। ছবি: পিটিআই।

শান মাসুদের উপর আর ভরসা রাখতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। আবার বাবর আজ়মকে পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে। ২০২৩ সালে দায়িত্ব ছেড়েছিলেন বাবর। তিন বছর পর আবার অধিনায়ক তিনি। মাসুদকে সরিয়ে বাবরকে অধিনায়ক করার নেপথ্যে একটিই কারণ রয়েছে। তা ব্যাখ্যা করলেন পাক বোর্ডের এক কর্তা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাভেদ জানিয়েছেন, জেতার মতো পরিস্থিতি থেকে বার বার ম্যাচ হারার কারণেই মাসুদকে সরানো হয়েছে। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “মাসুদের অধিনায়কত্বে অনেক জেতা ম্যাচ হেরেছি। সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার শেষ দুই ব্যাটার ৬০-৭০ রানের জুটি গড়েছিল। খেলাটা আমাদের হাতে ছিল। সেখান থেকে হেরেছিলাম। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে মুলতানে দ্বিতীয় টেস্টে ভাল জায়গা থেকে গোটা দল তাড়াতাড়ি অলআউট হয়ে গেল। আমরা হারলাম।”

আকিবের মতে, একজন অধিনায়কের দায়িত্ব দলকে জেতানো। সেটাই পারছিলেন না মাসুদ। তিনি বলেন, “ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও একই ছবি দেখলাম। কিছু দায়িত্ব দলের থাকে। কিছু দায়িত্ব থাকে নির্বাচকদের। তেমনই কিছু দায়িত্ব অধিনায়কেরও থাকে। যেমন মাঠে বোলার পরিবর্তন, ফিল্ডিং সাজানো, ডিআরএস নেওয়া, টস জেতা। সর্বোপরি দলকে জেতানো। সেটা না পারলে প্রশ্ন তো উঠবেই।”

প্রত্যাশাপূরণ করতে না পারায় মাসুদের উপর আস্থা হারিয়েছেন মহসিন নকভিরা। মাসুদের নেতৃত্বে ১৬টি টেস্ট খেলেছে পাকিস্তান। তার মধ্যে ১২টি হেরে গিয়েছে তারা। বাংলাদেশের কাছে জোড়া টেস্ট সিরিজ় হারও রয়েছে তালিকায়। ক্রিকেটের ইতিহাসে আর কোনও টেস্ট অধিনায়ক তাঁদের প্রথম ১৬টি টেস্টের ১২টিতেই হারেননি। শুধু তাই নয়, পাকিস্তানকে অন্তত ১৬টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন এমন ১০ অধিনায়কের প্রায় কেউ এত টেস্ট হারেননি। শুধু মিসবা উল হক ১৯টি টেস্ট হেরেছিলেন অধিনায়ক হিসাবে। তবে তিনি নেতৃত্ব দিয়েছিলেন ৫৬টি টেস্টে। তা ছাড়া অধিনায়ক মাসুদ শেষ সাতটি টেস্টে টানা হেরেছেন। যা পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে যুগ্ম ভাবে সর্বোচ্চ।

অধিনায়ক মাসুদের উপর আস্থা হারালেও ব্যাটার মাসুদের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট নন পিসিবি কর্তারা। অধিনায়ক হিসাবে তাঁর ব্যাটিং গড় ৩৪.০৬। অধিনায়ক হওয়ার আগে তাঁর ব্যাটিং গড় ছিল ২৮.৫১। তাই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের দলে রয়েছেন তিনি। অর্থাৎ, অধিনায়ক মাসুদে আস্থা হারালেও ব্যাটার মাসুদের উপর সন্তুষ্ট পাক বোর্ড।

Babar Azam Shan Masood Pakistan Cricket Board

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy