Advertisement
E-Paper

আগামী দু’সপ্তাহে রাজ্যে জোড়া কারখানার সম্প্রসারণ! ঘোষণা শিল্পমন্ত্রীর, ইস্পাত ও বস্ত্রশিল্পে বিনিয়োগ পশ্চিমবাংলায়

রাজ্যের শিল্পবান্ধব ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। শনিবারও শিল্পপতিদের এ রাজ্যে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, প্রয়োজনীয় সব সাহায্য করবে রাজ্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ২২:৪৩
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শিল্পমন্ত্রী তাপস রায়।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শিল্পমন্ত্রী তাপস রায়। ছবি: পিটিআই।

রাজ্যকে ফের শিল্পমুখী করার পথে এগোচ্ছে বিজেপি সরকার। চলতি মাসেই রাজ্যে জোড়া কারখানার সম্প্রসারণ হতে চলেছে। একটি বস্ত্রশিল্পের কারখানা এবং অন্যটি ইস্পাতশিল্পের। সংবাদসংস্থা পিটিআই-কে রবিবার এমনটাই জানিয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়।

হোসিয়ারি শিল্পের অন্যতম বড় প্রতিষ্ঠান ‘লাক্স ইন্ডাস্ট্রিজ়’ হুগলির ডানকুনিতে তাদের কারখানার সম্প্রসারণ করবে। আগামী ১১ জুলাই সেই সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস হবে। অন্য দিকে, ‘শ্যাম স্টিল’ বাঁকুড়ার মেজিয়ায় তাদের কারখানার সম্প্রসারণ করবে। সেই সম্প্রসারণ প্রকল্পের সূচনা হবে আগামী ১৮ জুলাই। উভয় কর্মসূচিতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর থাকার কথা রয়েছে বলে জানান শিল্পমন্ত্রী তাপস।

দুই সংস্থার কারখানা সম্প্রসারণের উদ্যোগ রাজ্য সরকারের জন্য ইতিবাচক। পালাবদলের পর থেকে রাজ্যে শিল্পের ভাবমূর্তি উন্নত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ তৈরির কথা বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী শনিবারও শিল্পপতিদের এ রাজ্যে বিনিয়োগের জন্য এগিয়ে আসতে অনুরোধ করেছেন। এ অবস্থায় পর পর দু’সপ্তাহে রাজ্যে দুই সংস্থার কারখানা সম্প্রসারণ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

‘লাক্স ইন্ডাস্ট্রিজ়’ বা ‘শ্যাম স্টিল’ এই সম্প্রসারণের কাজে কত টাকা বিনিয়োগ করছে, তা আলাদা ভাবে উল্লেখ করেননি শিল্পমন্ত্রী। তবে ‘শ্যাম স্টিল’-এর এক আধিকারিক জানিয়েছেন, ইস্পাত, প্রতিরক্ষা সরঞ্জাম এবং বিমানের সরঞ্জাম তৈরির জন্য রাজ্যে তাদের প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। তার মধ্যে প্রায় ১০ হাজার কোটি টাকা ওই সংস্থা বরাদ্দ করছে ইস্পাত শিল্পের সম্প্রসারণের জন্য। বাকি ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে অন্য খাতে।

‘শ্যাম স্টিল’-এর ডিরেক্টর ললিত বেরিওয়ালা পিটিআই-কে জানান, মেজিয়ায় যে কারখানাটি রয়েছে, সেটির সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সংস্থার। বর্তমানে ওই কারখানায় ৭ লক্ষ টন ইস্পাত তৈরির ক্ষমতা রয়েছে। সম্প্রসারণের ফলে ধাপে ধাপে সেই উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে ২০ লক্ষ টন পর্যন্ত নিয়ে যেতে চায় সংস্থা।

বেরিওয়ালা আরও জানান, প্রাথমিক ভাবে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে ১০ লক্ষ টন করা হবে। পরবর্তী পর্যায়ে কারখানার সম্প্রসারণের জন্য সংস্থার প্রায় ৫০০ একর জমির প্রয়োজন। জমির সেই চাহিদার বিষয়ে ইতিমধ্যে সংস্থার তরফে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান বেরিওয়ালা। বিজেপি সরকারের মনোভাবেও দৃশ্যত সন্তুষ্ট ‘শ্যাম স্টিল’।

অন্য দিকে ‘লাক্স ইন্ডাস্ট্রিজ়’-এর এক আধিকারিকও জানিয়েছেন, ডানকুনিতে সংস্থার কারখানার সম্প্রসারণের কাজ শুরু হবে। এর জন্য সংস্থার বোর্ড ৬০০ কোটি টাকার একটি প্রকল্পে অনুমোদন দিয়েছে। এর মধ্যে গত কয়েক বছরে অধিগ্রহণ করা জমির মূল্যও রয়েছে। এই সম্প্রসারণের ফলে ডানকুনিতে সংস্থার কারখানায় প্রায় ১২ লক্ষ বর্গফুট নতুন করে যুক্ত হবে। এতে কারখানার মোট এলাকা দাঁড়াবে প্রায় ২০ লক্ষ বর্গফুটে।

Tapas Roy Suvendu Adhikari BJP Government West Bengal government Investment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy