Advertisement
E-Paper

অপহরণ ঠেকাতে গিয়ে ইসলামাবাদের রাস্তায় খুন হলেন পাকিস্তানি বায়ুসেনার ক্যাপ্টেন! রিপোর্ট তলব পাক স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানি বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেনকে রাস্তার মাঝে গুলি করে পালিয়ে যান অভিযুক্ত। তাঁর খোঁজে গোটা ইসলামাবাদে তল্লাশি শুরু হয়েছে। পুলিশের কাছ থেকে ঘটনার রিপোর্ট তলব করেছেন পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রীও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ২২:৪৭

— প্রতীকী চিত্র।

ইসলামাবাদের রাস্তায় গুলি করে খুন করা হল পাকিস্তানি বায়ুসেনার এক গ্রুপ ক্যাপ্টেনকে। নিহতের নাম আসিম তারেক। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, এক দুষ্কৃতী রাস্তা থেকে এক মহিলাকে অপহরণ করার চেষ্টা করছিলেন। আসিম তাতে বাধা দিলে ওই দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালান। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাকিস্তানি বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেনের। হামলার ঘটনায় রিপোর্ট তলব করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘সামা টিভি’ অনুযায়ী, রবিবার ঘটনাটি ঘটেছে ইসলামাবাদের শাহিন চক এলাকায়। সেখানে রাস্তার ধারে বাইক থামিয়ে এক ব্যক্তি জোর করে এক মহিলাকে বাইকে তোলার চেষ্টা করছিলেন। তা দেখে বাধা দেন আসিম। আসিমের সঙ্গে ওই বাইকআরোহীর তর্কাতর্কির সময়ে মহিলা রাস্তার অপর প্রান্তে পালিয়ে যান। এরই মধ্যে তর্কাতর্কি চলাকালীন আচমকা আগ্নেয়াস্ত্র বের করেন ওই বাইকআরোহী। আসিমকে গুলি করে এলাকা থেকে পালিয়ে যান তিনি।

ওই বন্দুকবাজকে ইতিমধ্যে চিহ্নিত করেছেন তদন্তকারীরা। তাঁর খোঁজে গোটা ইসলামাবাদ জুড়ে তল্লাশি শুরু হয়েছে। পুলিশকর্মীরা ইতিমধ্যে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। আক্রান্ত ওই মহিলার বয়ানও সংগ্রহ করেছেন ইসলামাবাদ পুলিশের আধিকারিকেরা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, অভিযুক্ত ব্যক্তি ওই মহিলারই সহকর্মী। তিনি ওই মহিলাকে কর্মস্থলে পৌঁছে দেবেন বলে বাইকে তোলেন। তার পরে কর্মস্থলে যাওয়ার রাস্তার বদলে অন্য রাস্তায় বাইক এগোতে থাকেন। তা নিয়েই মাঝরাস্তায় দু’জনের গোলমাল বাধে। অভিযুক্ত ব্যক্তি ওই মহিলাকে জোর করে বাইকে তোলার চেষ্টা করেন। সেই সময়েই ঘটনাস্থলে পৌঁছোন পাকিস্তানি বায়ুসেনার ওই গ্রুপ ক্যাপ্টেন।

বায়ুসেনার আধিকারিককে খুনের ঘটনায় ইতিমধ্যে ন়ড়েচড়ে বসেছে পাকিস্তান সরকার। ইসলামাবাদ পুলিশের কাছ থেকে জরুরি ভিত্তিতে রিপোর্ট তলব করছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী নকভি। সন্দেহভাজনকে দ্রুত গ্রেফতার করারও নির্দেশ দিয়েছেন তিনি।

Islamabad Pakistan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy