ভারতের লিগে খেলতে না পারলেও পাকিস্তানের লিগে খেলবেন মুস্তাফিজ়ুর রহমান। আরও এক বার বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজ়ুর রহমানকে দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই ঘটনার জয় অনেক দূর গড়িয়েছে। টি২০ বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। এ বার জানা গেল, মুস্তাফিজ়ুরকে কিনেছে পাকিস্তান সুপার লিগের দল লাহৌর কলন্দর্স।
পাকিস্তান সুপার লিগে গত বার চ্যাম্পিয়ন হয়েছিল লাহৌর। আগামী মরসুমের আগে সরাসরি ভাবে বাংলাদেশের পেসারকে কিনেছে লাহৌর। এর আগে ২০১৬ ও ২০১৮ সালে লাহৌরে খেলেছিলেন মুস্তাফিজ়ুর। তৃতীয় মরসুমের জন্য সেখানে খেলতে চলেছেন এই বাঁহাতি পেসার।
তবে আইপিএলের তুলনায় অনেক কম টাকায় খেলতে হবে মুস্তাফিজ়ুরকে। আইপিএলের নিলামে তাঁকে কেকেআর কিনেছিল ৯ কোটি ২০ লক্ষ টাকায়। সেখানে লাহৌরে তিনি পাবেন ২ কোটি টাকা।
লাহৌরের মালিক সামিন রানা সংবাদমাধ্যমে বলেন, “এক বার লাহৌরের দলে যে খেলে, সে সারা জীবনের জন্য এই দলের সদস্য হয়ে যায়। মুস্তাফিজ়ুর একজন ক্রিকেটার নয়। ও আমার ভাই। আমাদের পরিবারের গুরুত্বুপূর্ণ সদস্য। ওকে আবার সাজঘরে দেখতে পাব। ওর প্রতিভা ও অভিজ্ঞতা আমাদের বড় সম্পদ হতে চলেছে। আরও এক বার পাকিস্তান সুপার লিগ জিততে নামব।”
আরও পড়ুন:
বাংলাদেশের হয়ে ১৫ টেস্ট, ১১৬ এক দিন ও ১২৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলে মোট ৩৬৬ উইকেট নিয়েছেন মুস্তাফিজ়ুর। বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে খেলেন তিনি। মোট ৩২২ টি-টোয়েন্টি ম্যাচে ৪১২ উইকেট নিয়েছেন তিনি।
মুস্তাফিজ়ুরকে বাদ দেওয়ার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটে একের পর এক নাটক দেখা গিয়েছে। ক্রিকেটারদের সুরক্ষার দাবিতে ভারতে খেলতে চায়নি বাংলাদেশ। আইসিসির কাছে তারা অনুরোধ করে, সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়া হোক। আইসিসি তাতে রাজি হয়নি। বাংলাদেশও অনড় ছিল যে, ভারতে খেলবে না তারা। ফলে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। বদলে স্কটল্যান্ড খেলবে বিশ্বকাপে।
এই নাটকে পাকিস্তানকে পাশে পেয়েছে বাংলাদেশ। ভারত থেকে খেলা সরানোর বিষয়ে ভোটাভুটিতে একমাত্র পাকিস্তানই বাংলাদেশকে সমর্থন করেছে। বাংলাদেশকে বাদ দেওয়ার পর পাকিস্তানের সরকারও জানিয়েছে, বিশ্বকাপে ভারত-ম্যাচ খেলবে না তারা। সেই বিতর্ত এখনও চলছে। তার মাঝেই পাকিস্তানের লিগে দল পেলেন মুস্তাফিজ়ুর।