Advertisement
E-Paper

মাঠের ঝুলনকে অভিনন্দন পর্দার ঝুলনের, কী লিখলেন অনুষ্কা

ঝুলনকে ক্রিকেট-জীবনের জন্য অভিনন্দন জানালেন অনুষ্কা। বাংলার জোরে বোলারকে অনুপ্রেরণা বলে অভিহিত করেছেন বলিউড অভিনেত্রী।পর্দার ঝুলনের অভিনন্দন বার্তা মন অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২ ১৮:২৬
ঝুলনকে অভিনন্দন জানালেন অনুষ্কা।

ঝুলনকে অভিনন্দন জানালেন অনুষ্কা। ফাইল ছবি।

মাঠের ঝুলন গোস্বামীকে অভিনন্দন জানালেন পর্দার ঝুলন। শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলার জোরে বোলার। ঝুলনের জীবনচিত্রে অভিনয় করেছেন বিরাট কোহলির স্ত্রী।

ঝুলনের সঙ্গে অনুষ্কার পরিচয় নতুন নয়। চলচ্চিত্রে ঝুলনের চরিত্রে অভিনয় করার সময় থেকেই আলাপ। ঝুলনের চরিত্র নিখুঁত ভাবে খুটিয়ে তুলতে অনুষ্কা ছিলেন ভীষণ আন্তরিক। বিভিন্ন সময় ঝুলনের কাছে নানা পরামর্শ নিয়েছেন। সিনেমাটি অবশ্য এখনও মুক্তি পায়নি। তার আগেই প্রাক্তন হয়ে গেলেন ঝুলন। শনিবার ম্যাচ শেষ হওয়ার পরেই সমাজমাধ্যমে ঝুলনকে ধন্যবাদ জানিয়েছেন অনুষ্কা। অভিনেত্রী লিখেছেন, ‘একটা অনুপ্রেরণা। এক জন আদর্শ। এক জন কিংবদন্তি। ইতিহাসে আপনার নাম চির দিন লেখা থাকবে। ধন্যবাদ ঝুলন গোস্বামী। আপনি ভারতের মহিলা ক্রিকেটের রং বদলে দিয়েছেন।’

সমাজমাধ্যমে ঝুলনের জীবনচিত্র ‘চাকদহ এক্সপ্রেস’-র নানা অংশের ছবিও দিয়েছেন অনুষ্কা। কয়েক দিন আগে সিনেমার একটি দৃশ্যের ছবি দিয়ে অনুষ্কা লিখেছিলেন, ‘ওর জুতোয় পা গলিয়ে যাত্রাটাকে পুননির্মাণ করছি।’ কয়েক সপ্তাহ আগেও ‘চাকদহ এক্সপ্রেস’-র একটি স্থির চিত্র সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। ঝুলনের জীবনচিত্রের ছোট্ট একটি অংশের ভিডিয়োয় সমাজমাধ্যমে দিয়েছিলেন কোহলির স্ত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলি কথা বলেন ঝুলনের জীবনচিত্র নিয়ে। কোহলি বলেছিলেন, ঝুলনের জীবনচিত্র তৈরির সময় স্ত্রীকে কোনও পরামর্শ দেননি। কারণ বোলিংয়ের ব্যাপারে তিনি বিশেষজ্ঞ নন। ভারতীয় ক্রিকেটে ঝুলনের অবদানের কথাও বলেন কোহলি। দু’দশকের আন্তর্জাতিক ক্রিকেটজীবনের জন্য বহু মানুষই অভিনন্দন জানিয়েছেন ঝুলনকে। তবু অনুষ্কার এই আবেগপূর্ণ বার্তার আলাদা গুরুত্ব রয়েছে। আগামী বছর ওটিটি মাধ্যমে মুক্তি পাওয়ার কথা ‘চাকদহ এক্সপ্রেস’।

Jhulan Goswami Anushka Sharma Instagram Cricketer retirement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy