Advertisement
E-Paper

পাকিস্তান সফরে গ্রিনকে দলে নিল অস্ট্রেলিয়া, কেকেআর প্লে-অফে উঠবে না, ধরেই নিয়েছে অসিরা?

আইপিএল শেষ হওয়ার আগেই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ় খেলতে নামবে অস্ট্রেলিয়া। সেই দলে নেওয়া হয়েছে ক্যামেরন গ্রিনকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৩:১৫
cricket

ক্যামেরন গ্রিন। —ফাইল চিত্র।

জল্পনা শোনা গিয়েছিল আগেই। এ বার তা সত্যি হল। আইপিএল শেষ হওয়ার আগেই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ় খেলতে নামবে অস্ট্রেলিয়া। সেই দলে নেওয়া হয়েছে ক্যামেরন গ্রিনকে। অর্থাৎ, আইপিএল শেষ হওয়ার আগেই দেশের হয়ে খেলতে পাকিস্তানে যাবেন কলকাতা নাইট রাইডার্সের ২৫ কোটি ২০ লক্ষ টাকার ক্রিকেটার। তবে কি অস্ট্রেলিয়া ধরেই নিয়েছে যে, কেকেআর প্লে-অফে উঠতে পারবে না?

৩০ মে থেকে শুরু পাকিস্তান সিরিজ়। সেই সিরিজ়ের দলে যাঁরা রয়েছেন তাঁদের ২৩ মে পাকিস্তানে যেতে হবে। যদি গ্রিন যান তা হলে কেকেআরের শেষ দু’টি ম্যাচে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। ২০ মে মুম্বই ইন্ডিয়ান্স ও ২৪ মে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কেকেআরের। সেই দুই ম্যাচে কি খেলবেন না গ্রিন?

আগে জানা গিয়েছিল, যে সব দলের প্লে-অফে খেলার সম্ভাবনা রয়েছে তাঁদের দলে নেবে না অস্ট্রেলিয়া। যে দল তারা ঘোষণা করেছে তাতে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেজ়লউড, ট্রেভিস হেড, কুপার কোনোলি, জ়েভিয়ার বার্টলেট, টিম ডেভিডেরা নেই। কামিন্স ও হেড আইপিএলে সানরাইজ়ার্স হায়দরাবাদে রয়েছেন। হেজ়লউড ও ডেভিড রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। কোনোলি ও বার্টলেট খেলছেন পঞ্জাব কিংসে। এই তিন দলেরই প্লে-অফ খেলার সম্ভাবনা রয়েছে। স্টার্কের দিল্লি ক্যাপিটালসের প্লে-অফে ওঠার সম্ভাবনা প্রায় নেই বললেও চলে। তবু টেস্টের কথা ভেবে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে।

আইপিএলে খেলা ক্রিকেটারদের মধ্যে অস্ট্রেলিয়া দলে রয়েছেন মিচেল মার্শ, গ্রিন ও জশ ইংলিস। মার্শ দলের অধিনায়ক। আইপিএলে মার্শ ও ইংলিসের লখনউ সুপার জায়ান্টস প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। সুতরাং, তাঁদের দলে নিলে সমস্যা হবে না। কিন্তু কেকেআর তো এখনও ছিটকে যায়নি। তা হলে গ্রিনকে কেন নেওয়া হল?

যা পরিস্থিতি, তাতে কেকেআর এই মুহূর্তে সপ্তম স্থানে রয়েছে। বাকি চার ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ১৭। সে ক্ষেত্রে তাদের প্লে-অফে ওঠার সম্ভাবনা রয়েছে। আর তার জন্য গ্রিনকে দরকার পড়বে কেকেআরের। তিনি না থাকলে জয়ের সম্ভাবনা কমবে। এই পরিস্থিতিতে গ্রিন যদি চলে যান, তা হলে তার খেসারত দিতে হতে পারে কেকেআরকে। তাতে বিতর্ক আরও বাড়বে।

পাকিস্তানের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ৩০ মে, ২ জুন ও ৪ জুন হবে সেই ম্যাচ। তার পর বাংলাদেশের বিরুদ্ধে ৯ জুন, ১১ জুন ও ১৪ জুন তিনটি এক দিনের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজ়ের পর ১৭ ও ১৯ জুন হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। তিনটি দলেই রয়েছেন গ্রিন। এখন দেখার, এই বিষয়ে কেকেআর কোনও পদক্ষেপ করে কি না।

সংক্ষেপে
  • আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
Cameron Green KKR Cricket Australia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy