Advertisement
E-Paper

আবার মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, বার বার সাত বার, ফাইনালে হার ইংল্যান্ডের

মহিলাদের ক্রিকেটে আবার দাপট দেখাল অস্ট্রেলিয়া। ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সপ্তম বারের জন্য মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল তারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ২৩:৫১
cricket

বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উল্লাস। ছবি: পিটিআই।

অস্ট্রেলিয়া আবার দেখাল, মহিলাদের ক্রিকেটে কেন তাদের অপ্রতিরোধ্য বলা হয়। আরও এক বার বিশ্বকাপ জিতল তারা। লর্ডসে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সপ্তম বারের জন্য ছোট ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। ১০ বারের মধ্যে সাত বারই চ্যাম্পিয়ন তারা। এক বার করে জিতেছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ় ও নিউ জ়িল্যান্ড।

প্রথমে ব্যাট করে ২০ ওভালে ৪ উইকেট হারিয়ে ১৫০ রান করে ইংল্যান্ড। ১৭ বল বাকি থাকতে মাত্র ৩ উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় অস্ট্রেলিয়া।

ফাইনালের আগে পর্যন্ত যে ইংল্যান্ড সহজে সব ম্যাচ জিতেছে, ফাইনালে তাদেরই অসহায় দেখাল। যে কোনও বিশ্বকাপের ফাইনালে প্রথম বল থেকে প্রতিপক্ষকে চেপে ধরে অস্ট্রেলিয়া। সেটা এই ম্যাচেও দেখা গেল। টস জিতে শুরুটা করে দিলেন অধিনায়ক সোফি মলিনিউ। বাকিটা করলেন বোলারেরা।

ইংল্যান্ডের দুই ওপেনার এমি জোনস ও ড্যানি ওয়াট-হজ এই ম্যাচ ব্যর্থ। এ বারের বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন ওয়াট-হজ। কিন্তু ফাইনালে ৮ রানের বেশি করতে পারলেন না তিনি। ইংল্যান্ডের ইনিংস যথারীতি টানলেন অধিনায়ক ন্যাট শিভার-ব্রান্ট। কিন্তু পরিচিত ভঙ্গিতে নয়। ৫৮ রান করতে ৫৩ বল নিলেন তিনি।

অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে একমাত্র ফ্রেয়া কেম্প দ্রুত রান করলেন। ছ’নম্বরে নেমে ২৮ বলে ৪৪ রানের ইনিংস খেলে ইংল্যান্ডের রান ১৫০ পর্যন্ত নিয়ে গেলেন তিনি।

ব্যাট হাতেও দাপট দেখাল অস্ট্রেলিয়া। তারা জানত, লক্ষ্য বেশি নয়। তাই শুরু থেকে হাত খুলে খেলেন বেথ মুনি। অপর ওপেনার জর্জিয়া ভল রান না পেলেও ফিবি লিচফিল্ডকে সঙ্গে নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান মুনি। দু’জনের মধ্যে ৬৭ বলে ১০০ রানের জুটি হয়। সেখানেই খেলার ফয়সালা হয়ে যায়। লিচফিল্ড ৩৫ বলে ৪৮ ও মুনি ৪৯ বলে ৬৪ রান করেন। দুই ব্যাটার আউট হওয়ার পর বাকি কাজ করেন এলিস পেরি ও অ্যাশলি গার্ডনার। হাসতে হাসতে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া।

Australia Women Cricket Team

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy