এ ভাবেই হয়তো শেষ করতে হয়। বুঝিয়ে দিলেন অ্যালিসা হিলি। রবিবার ভারতের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। আর শেষ ম্যাচে করলেন ৯৮ বলে ১৫৮ রান। অস্ট্রেলিয়ার জয়ের ভিত গড়ে দিলেন তিনি। সেই ভিতে ভর করে ১৮৫ রানে ভারতকে হারাল অস্ট্রেলিয়া। দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপ জেতার পর প্রথম ৫০ ওভারের সিরিজ় খেলতে নেমেছিল ভারত। প্রথম সিরিজ়েই চুনকাম হলেন হরমনপ্রীত কৌরেরা।
হোবার্টের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ফিবি লিচফিল্ড রান না পেলেও শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ছিলেন হিলি। স্ত্রীর বিদায়ী ম্যাচ দেখতে এসেছিলেন মিচেল স্টার্ক। দেখে বোঝা যাচ্ছিল, একটা দাগ রেখে শেষ করতে চান হিলি। তাঁকে সঙ্গ দেন জর্জিয়া ভল। আগের ম্যাচে শতরান করেছিলেন। এই ম্যাচে ৫২ বলে ৬২ রান করলেন তিনি। হিলির সঙ্গে ১০৪ রানের জুটি বাঁধেন।
ভল আউট হওয়ার পর বেথ মুনির সঙ্গে জুটি বাঁধেন হিলি। দুই অভিজ্ঞ ব্যাটার দ্রুত রান তুলতে থাকেন। তাঁদের মধ্যে ১৫ ওভারে ১৪৫ রানের জুটি হয়। সেই জুটিই ভারতকে খেলার বাইরে বার করে দেয়। শেষ পর্যন্ত ১৫৮ রান করে আউট হন হিলি। ২৭ চার ও দু’টি ছক্কা মারেন তিনি।
মুনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তিনি ৮৪ বলে ১০৬ রান করেন। শেষ দিকে নিকোলা ক্যারে ১৫ বলে ৩৪ রান করেন। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৪০৯ রান করে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন:
ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে খারাপ হাল শ্রী চরণির। ১০ ওভারে ১০৬ রান দেন তিনি। ১০ ওভারে ৯০ রান দেন অভিজ্ঞ দীপ্তি শর্মা। ভারতের কোনও বোলারই অস্ট্রেলিয়ার ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেননি।
৪১০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকে চালিয়ে খেলা ছাড়া উপায় ছিল না। সেটা করতে গিয়ে শূন্য রানে ফেরেন স্মৃতি মন্ধানা। প্রতীকা রাওয়াল (২৭), জেমাইমা রদ্রিগেজ় (৪২), হরমনপ্রীত কৌর (২৫) শুরু পেলেও বড় রান করতে পারেননি। পর পর উইকেট পড়তে থাকে। একটা সময় ১৩৫ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। সেখান থেকে দলের লজ্জা কিছুটা কমান দীপ্তি ও স্নেহ রানা। দীপ্তি ২৯ ও স্নেহ ৪৪ রান করেন। শেষ পর্যন্ত ৪৫.১ ওভারে ২২৪ রানে অল আউট হয়ে যায় ভারত। ১৮৫ রানে হারেন হরমনপ্রীতেরা। বল হাতে নজর কাড়েন আলানা কিং। ১০ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।