Advertisement
E-Paper

৩৫ লক্ষ টাকা বাংলাদেশের মহিলা ক্রিকেট দলকে, হরমনপ্রীতদের রুখে দেওয়ার পুরস্কার নিগারদের

সাধারণত সিরিজ় জিতলে বোনাস দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের বিরুদ্ধে না জিতলেও পুরস্কার পেলেন নিগারেরা। ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যও আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৩ ১৮:০৮
picture of Bangladesh women cricket team

বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। ছবি: আইসিসি।

ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ় অমীমাংসিত ভাবে শেষ করার পুরস্কার পেলেন বাংলাদেশের মহিলা ক্রিকেটারেরা। সাধারণত কোনও সিরিজ় জিতলে দলকে বোনাস দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু নিগার সুলতানারা না জিতেই বোনাস পাচ্ছেন। ভারত-বাংলাদেশের মহিলাদের এক দিনের সিরিজ় ১-১ ব্যবধানে শেষ হয়েছে। শনিবার সিরিজ়ের তৃতীয় ম্যাচ টাই হয়।

মহিলা ক্রিকেট দলের জন্য মোট ৩৫ লক্ষ টাকা বোনাস হিসাবে ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন। ভারতের বিরুদ্ধে সিরিজ় না জিতেও কেন বোনাস? এই প্রশ্নের জবাবে বোর্ড সভাপতি বলেছেন, ‘‘সাধারণ ভাবে আমরা সিরিজ় জিতলে বোনাস দিই। তবে এ বার সিরিজ় না জিতলেও ভারতের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ জিতেছে মেয়েরা। তৃতীয় ম্যাচ টাই হয়েছে। মহিলাদের এক দিনের ক্রিকেটে প্রথম শতরান হয়েছে বাংলাদেশের। কয়েক জন বেশ ভাল পারফরম্যান্স করছে। তাই গোটা দলের জন্য ২৫ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। তা ছাড়া ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যও পুরস্কার দেওয়া হচ্ছে। যেমন শতরানকারীকে ২ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। ভাল পারফরমারদের জন্য আলাদা টাকা আছে। সব মিলিয়ে ৩৫ লক্ষ টাকা দেওয়া হচ্ছে।’’

বোর্ডের কাছ থেকে বোনাস পেয়ে খুশি নিগারেরা। বাংলাদেশের বোর্ড সভাপতি অবশ্য মেনে নিয়েছেন, মহিলাদের ক্রিকেটকে তাঁরা যথাযথ গুরুত্ব দেননি। নাজমুল বলেছেন, ‘‘আমরা একটা সময় পর্যন্ত মহিলাদের ক্রিকেটকে তেমন গুরুত্ব দিইনি। এটা সত্যি কথা। এখন থেকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব।’’ আগামী দিনে মহিলাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি।

শনিবারের ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের আচরণ নিয়ে প্রশ্ন করা হয় নাজমুলকে। সরাসরি কোনও মন্তব্য করতে চাননি তিনি। শুধু বলেছেন, ‘‘এ ব্যাপারে কিছু বলতে চাই না। আম্পায়ার আছেন, ম্যাচ রেফারি আছেন। তাঁরা দেখবেন। আইসিসি দেখবে। আমি শুধু আমাদের মেয়েদের বলেছি, ওরা যেন এ রকম কখনও না করে।’’

India Vs Bangladesh Bangladesh Cricket Board Women Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy