বাংলাদেশের নতুন ক্রীড়ামন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন আমিনুল হক। দায়িত্ব নিয়েই তিনি চান ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে। পাশাপাশি, শাকিব আল হাসানকে নিয়ে নতুন সরকারের ভাবনাচিন্তা কী, সেটাও স্পষ্ট করেছেন তিনি।
নিরাপত্তার দোহাই দেখিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। তাদের জায়গায় খেলছে স্কটল্যান্ড। শপথ নেওয়ার পর আমিনুল বলেন, “আমি সংসদ ভবনে ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছি। বিশ্বকাপ নিয়েও আলোচনা হয়েছে। উনি খুবই বন্ধুত্বপূর্ণ মানুষ। আমিও বন্ধুর মতোই কথা বলেছি। ওঁকে জানিয়েছি, আলোচনার মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান দরকার। আমরা চাই প্রতিবেশি দেশগুলোর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে। খেলাধুলো থেকে শুরু করে বাকি বিভাগেও দায়িত্বশীল এবং হার্দিক সম্পর্ক রাখতে চাই।”
তিনি আরও বলেন, “কূটনৈতিক কারণেই যে আমরা বিশ্বকাপে খেলতে পারিনি এটা সকলেই জানেন। সেই সমস্যাগুলো আগে আলোচনা করে নেওয়া গেলে আমরা খেলতে পারতাম।”
ক্রিকেট বোর্ডের অন্দরেও সংশোধনের ডাক দিয়েছেন আমিনুল। প্রশ্ন তুলেছেন আগের নির্বাচন নিয়ে। তিনি বলেছেন, “ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে তো প্রশ্ন রয়েছেই। এই ব্যাপারগুলো আইসিসি নিয়ন্ত্রণ করে। ওদের আইন এবং বিধির মধ্যে থেকে আলোচনার মাধ্যমে যা করার করতে হবে। সকলের সঙ্গে আলোচনার পরেই এ ব্যাপারে মন্তব্য করতে পারব। এক দিনে কিছুই বদলাবে না। দীর্ঘকালীন কোনও ব্যবস্থায় সংস্কারে সময় লাগে। খেলাধুলোর সঙ্গে রাজনীতি যাতে না মেশানো হয়, তা নজরে রাখা হবে।”
আরও পড়ুন:
আমিনুল জানিয়েছেন, শাকিব এবং মাশরাফে মোর্তাজার বিরুদ্ধে মামলার দ্রুত সমাধান করা হবে যাতে তাঁরা ক্রিকেটে ফিরতে পারেন। তিনি বলেছেন, “শাকিব এবং মাশরফেকে নিয়ে কেন্দ্রীয় স্তরে সিদ্ধান্ত হবে। ওরা বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। ওদের অবদানকে সম্মান জানাই। তবে এখন ওদের বিরুদ্ধে মামলা রয়েছে। সেগুলো সঠিক ভাবে পরিচালনা করতে হবে। আমরা চাই ওরা দ্রুত বাংলাদেশে ফিরুক।”