ঢাকার ক্লাবগুলির সঙ্গে দীর্ঘ দিন যে দূরত্ব তৈরি হয়েছিল বাংলাদেশ বোর্ডের (বিসিবি), তা অবশেষে মিটতে চলেছে। দেশের সেরা ‘লিস্ট এ’ ক্রিকেট প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আবার শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রতি বিসিবি কর্তা এবং ক্লাবগুলির প্রতিনিধিদের একটি বৈঠক হয়েছে। সেখানে ডিপিএল শুরু করার পরিকল্পনা হয়েছে। এই লিগের উপরে যে ভাবে ক্রিকেটারদের একটা বড় অংশ নির্ভর করে থাকেন, তার গুরুত্বের কথা আলোচনা হয়েছে। ডিপিএল নিয়ে অনিশ্চয়তার কারণে ক্রিকেটারদের একাংশ হতাশ হয়ে পড়েছিলেন, যার মধ্যে জাতীয় দলের তারকারাও রয়েছেন।
আগামী ৫ মে থেকে ডিপিএল শুরু হতে পারে। ক্রিকেটারদের ট্রান্সফার উইন্ডো ২২ এপ্রিলের মধ্যে শেষ করার চেষ্টা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে ১২ এপ্রিল। এই দিনই বোর্ডের সঙ্গে নীচের স্তরের ক্লাবগুলির বৈঠক হবে।
ঘরোয়া প্রতিযোগিতার গঠনতন্ত্র নিয়ে সমস্যা হওয়ার কারণেই দেরি হয়েছে। লিগে উত্তরণ এবং অবনমনের নিয়ম রয়েছে। ডিপিএল থেকে সবচেয়ে নীচে থাকা দু’টি দল প্রথম ডিভিশনে নামে এবং প্রথম ডিভিশন থেকে দু’টি দল উঠে আসে। তবে প্রথম এবং দ্বিতীয় ডিভিশন এখনও সম্পূর্ণ হয়নি।
আরও পড়ুন:
বৃহস্পতিবারের বৈঠক হয়েছে বিসিবি-র ভারপ্রাপ্ত সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে। অ্যাড-হক কমিটির বাকি সদস্যেরাও ছিলেন। ১০-১২টি ডিপিএল ক্লাবের প্রতিনিধি ছিলেন। ডিপিএল শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট লিগের দু’টি রাউন্ড করে নিতে চাইছে বিসিবি। এই প্রতিযোগিতা ২১ এপ্রিল থেকে শুরু হওয়ার সম্ভাবনা। তার পর মে-তে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ় রয়েছে। দু’টি রাউন্ডের পর ডিপিএলের কারণে এই প্রতিযোগিতা বন্ধ রাখা হবে।