Advertisement
E-Paper

লাহৌরে বিসিবি সভাপতি আমিনুল, নকভির সঙ্গে আলোচনা আইসিসির বৈঠকের আগে, টি২০ বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের পাশে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জট কাটাতে রবিবার গুরুত্বপূর্ণ বৈঠক আইসিসির। তার আগে এ দিন সকালে লাহৌর পৌঁছেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। আইসিসির সভার আগে বৈঠক করবেন মহসিন নকভির সঙ্গে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১১
picture of cricket

(বাঁ দিক থেকে) আমিনুল ইসলাম, জয় শাহ এবং মহসিন নকভি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। জয় শাহের আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ১৫ ফেব্রুয়ারির ভারত-পাক ম্যাচ আয়োজনের চেষ্টা করছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই ইস্যুতে পিসিবির পাশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির বৈঠকে আগে নিজেদের মধ্যে আলোচনা করতে লাহৌর গিয়েছেন বিসিবি সভাপতি।

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বৈঠক রয়েছে আইসিসি। বৈঠকে যোগ দেওয়ার কথা পূর্ণ সদস্য সব দেশের। এই বৈঠকের আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে একটি বৈঠক করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। পাকিস্তানের সংবাদমাধ্যম জিয়ো নিউজ জানিয়েছে, নকভির সঙ্গে বৈঠক করতে রবিবার সকালে লাহৌরে পৌঁছেছেন আমিনুল। দুই ক্রিকেট কর্তার বৈঠকে ঠিক হবে রণনীতি। পাকিস্তানে থেকেই আইসিসির ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন বিসিবি সভাপতি। আইসিসির বৈঠকে এক সুরে কথা বলতে পারেন নকভি এবং আমিনুল।

ভারত-ম্যাচ বয়কটের কথা পাক সরকার জানালেও পিসিবি আনুষ্ঠানিক ভাবে বিষয়টি আইসিসিকে জানায়নি। ১৫ ফেব্রুয়ারির ম্যাচ না খেললে পিসিবিকে শৃঙ্খলাভঙ্গের শাস্তি ছাড়াও আর্থিক জরিমানার মুখে পড়তে হতে পারে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিতও করা হতে পারে। আগেই নকভিদের বার্তা দেওয়া হয়েছে আইসিসির পক্ষ থেকে। তার পরও সুর নরম করেননি নকভিরা। এই পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাক ম্যাচের সাত দিন আগের আইসিসির বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ওয়াকিবহাল মহলের অনুমান, বড় কোনও সিদ্ধান্ত হতে পারে। তার আগে বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তান এবং বাংলাদেশ জোট বাঁধছে। যদিও আইসিসির পূর্ণ সদস্য অন্য কোনও দেশের সমর্থন তাদের সঙ্গে নেই।

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাদ দেওয়ার পর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে একের পর জটিলতা চলছে। শনিবার প্রতিযোগিতা শুরু হয়ে গেলেও সমস্যা মেটেনি। মুস্তাফিজুর আইপিএল থেকে বাদ পড়ার পর ভারতে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে আপত্তি জানায় বাংলাদেশ। ভারতের সে দেশের ক্রিকেটার, কর্তা, সাংবাদিক, সমর্থকদের নিরাপত্তার সমস্যা হতে পারে বলে আশঙ্কা বাংলাদেশের অন্তবর্তী সরকারের। আইসিসিও সূচি পরিবর্তন করতে রাজি হয়নি শেষ মুহূর্তে। দফায় দফায় আলোচনার পরও জট খোলেনি। শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে বিশ্বকাপ আয়োজন করছে আইসিসি।

এই সিদ্ধান্তের প্রতিবাদে জয়ের আইসিসির উপর চাপ তৈরির চেষ্টা করছে পাকিস্তান। পাকিস্তান সরকার সিদ্ধান্ত নেয় বিশ্বকাপে অংশগ্রহণ করলেও ভারতের বিরুদ্ধে খেলবেন না সলমন আলি আঘারা। সেই মত এখনও পিসিবি ১৫ ফেব্রুয়ারির ম্যাচ না খেলার অবস্থানে অনড়। নতুন এই সমস্যার সমাধানে শেষ বার চেষ্টা করছে আইসিসি। মূলত পাকিস্তানকে রাজি করাতেই আইসিসির রবিবারের বৈঠক। উল্লেখ্য, বাংলাদেশ ইস্যুতে প্রথম থেকেই বিসিবির পাশে ছিল পিসিবি।

ICC T20 World Cup 2026 PCB BCB ICC Aminul Islam Mohsin Naqvi Jay Shah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy