মনোমালিন্য অতীত। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক আবার স্বাভাবিক করতে চাইছে বাংলাদেশ। স্থগিত হয়ে যাওয়া সিরিজ় আয়োজন করতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি কর্তারা যোগাযোগ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে।
বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগের কথা জানিয়েছেন বিসিবির ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন নাজ়মুল আবেদিন ফাহিম। যদিও তাঁর দাবি, দু’দেশের বোর্ডের এই যোগাযোগের মধ্যে নতুন কিছু নেই। সাধারণ নিয়মিত যোগাযোগ এবং সম্পর্ক বজায় রাখার স্বাভাবিক প্রক্রিয়া। নাজ়মুল বলেছেন, ‘‘বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গেই আমরা নিয়মিত যোগাযোগ রেখে চলি। এটা খুব সাধারণ প্রক্রিয়া। তবে সম্প্রতি আমরা বিসিসিআইকে একটা ই-মেল পাঠিয়েছি।’’
কী রয়েছে সেই ই-মেলে? এই প্রশ্নের উত্তরে নাজ়মুল বলেছেন, ‘‘আমরা শুধু এক বার মনে করিয়ে দিয়েছি, আগামী সেপ্টেম্বরে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সূচি রয়েছে। তার পর আমাদের মহিলা দলের ভারত সফরে যাওয়ার কথা। এর সঙ্গে আমরা অনুরোধ করেছি, আরও দ্বিপাক্ষিক সিরিজ়ের সুযোগ থাকলে, তা খতিয়ে দেখার জন্য। অন্য কোনও ক্রিকেটীয় সম্ভাবনা থাকলেও আমরা একসঙ্গে কাজ করতে আগ্রহী।’’ বিসিসিআই কোনও উত্তর দিয়েছে কিনা, তা জানাননি বিসিবি কর্তা।
আরও পড়ুন:
এ বারের আইপিএল থেকে বিসিসিআই মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর দু’দেশের ক্রিকেট সম্পর্কে শিথিলতা তৈরি হয়। ক্ষুব্ধ বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে দল পাঠাতে রাজি হয়নি। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে তৈরি হওয়া দূরত্ব কমাতে আগ্রহী বিসিবি। বাংলাদেশের নব নির্বাচিত তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে।